সহেলি মিত্র, কলকাতা: সেই একঘেঁয়ে দিঘা, পুরী, কিংবা পুরুলিয়া ঘুরে বিরক্ত? তাহলে চিন্তা নেই, কারণ আজ আপনাদের এমন এক অজানা ডেস্টিনেশনের খোঁজ দেব যে জায়গা সম্পর্কে আপনি হয়তো শোনেননি। অথচ জায়গাটি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বেই অবস্থিত। ভারত ও বাংলায় অবস্থিত অনেক স্বর্গীয় জায়গায় গিয়েছেন নিশ্চয়ই, কিন্তু একবার যদি আপনি ‘সিমডেগা’ (Simdega) যান তাহলে অতীতের সব ভুলে এই জায়গার প্রেমে পড়ে যাবেন নির্ঘাৎ। চলুন এই জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
কলকাতার কাছেই থাকা এই স্বর্গে গিয়েছেন কখনও?
সিমডেগা… ঝাড়খণ্ডের এক সুন্দর জেলা। এখানে আপনি অগুনতি ড্যাম থেকে শুরু করে পাহাড়, ঝর্ণার সমাহার দেখতে পাবেন। এই জায়গাটি এমন যেখানে আপনি কম পুঁজিতেও খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। সুন্দর পাহাড়, নদী, ঝর্ণা আপনার মন ভালো করে দিতে যথেষ্ট। হাতে মাত্র দুদিনের ছুটি থাকলেই এই জায়গা ঘুরে দেখা যায়। হ্যাঁ অবশ্যই আপনি যদি আরও বেশিদিন থাকতে চাইলে থাকতেই পারেন। সেক্ষেত্রে খরচের বাজেটটাও আপনার ওপর নির্ভর করবে।
আরও পড়ুনঃ নতুন করে দুর্যোগ দক্ষিণবঙ্গে, ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া
আপনি যদি ভায়া রাঁচি হয়ে সিমডেগা যান তাহলে আপনি রাস্তায় অনেক দর্শনীয় জায়গা দেখতে পারবেন। চোখ আপনার ধাঁধিয়ে যাবে। রাঁচি থেকে সিমডেগা যেতে সময় লাগবে আড়াই ঘন্টা মতো। নবরত্নগড়, কেলাঘাগ ড্যাম, রামরেখা ড্যাম, কোবাং ড্যাম, দাঙ্গারি জলপ্রপাত, গুমরি সিমডেগা ঘুরে দেখতে পারেন। তবে অবশ্যই নবরত্নগড় ঘুরে দেখবেন। এখানে এলে প্রাচীন স্থাপত্য দেখতে পাবেন।
কীভাবে যাবেন?
এখনো নিশ্চয়ই ভাবছেন কীভাবে এই সিমডেগা যাবেন? এখানে দুইভাবে যাওয়া যাবে। ট্রেনে করে প্রথমে রৌরকেল্লা, তারপর সেখান থেকে সড়কপথে সিমডেগা। দূরত্ব ৮১ কিলোমিটার। যাওয়ার পথটিও খুব সুন্দর, কিন্তু এই রুটে আপনি বেশি গাড়ি পাবেন না। খরচটাও বেশি হবে। আরেকটি রুট হল, কলকাতা থেকে প্রথমে রাঁচি পৌঁছে যান। এরপর সেখান থেকে সড়কপথে আপনি সিমডেগা পৌঁছে যেতে পারবেন। দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার।










