প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের খবরের শিরোনামে যাদবপুর (Jadavpur), মধ্য রাতে কলকাতার যাদবপুর থানা এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হতে গিয়েই আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী (Jadavpur BJP attack)। ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আক্রান্তদের নাম সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। বর্তমানে দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল (All India Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এদিকে বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের হতেই শুরু হয়েছে তদন্ত।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার, রাত প্রায় আড়াইটে নাগাদ রাস্তায় টহল দিতে বেরিয়েছিলেন যাদবপুর সাংগঠনিক জেলার ১ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সৌম্যদীপ সাহা। সেই সময়েই যাদবপুর থানার অন্তর্গত লালকা মাঠ সংলগ্ন এলাকায় এক যুগলকে তীব্র বচসায় জড়াতে দেখেন তিনি। এমনকি অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। সেই দেখে এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে কথা বলার জন্য তাঁদের অনুরোধ জানালে আচমকাই সৌম্যদীপের ওপর চড়াও হওয়া হয় বলে অভিযোগ। রীতিমত আধলা ইট দিয়ে নাকি সজোরে তাঁর মুখে আঘাত করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে।
চিকিৎসাধীন দুই বিজেপি কর্মী
পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনার পর নিজের অন্য সহকর্মীদের ডেকে পাঠান আক্রান্ত বিজেপি কর্মী সৌম্যদীপ সাহা। বাকিরা ঘটনাস্থলে পৌঁছলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও সংঘর্ষের পরিস্থিতি। এই সংঘর্ষে আহত হন বিজেপি যুব মোর্চার এক সাধারণ সম্পাদক রাতুল মণ্ডল। ইটের আঘাতে তাঁর মাথা ও চোখ ফেটে যায় বলে দাবি করা হয়েছে। পরে আহত দুই বিজেপি নেতাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌম্যদীপের ঠোঁটের কাছে আঘাত লেগেছে, নাক ফেটে গিয়েছে। রাতুলেরও মাথায় ৪টে সেলাই পড়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: “জ্ঞান না দিয়ে আগে নিজের বুথ দেখুন” ফেসবুকে সিপিএম বিপ্লবীদের তোপ রানার
হাসপাতালে আক্রান্ত বিজেপি যুব মোর্চা সভাপতির দাবি, হামলাকারীরা নিজেদের তৃণমূলের কর্মী বলে পরিচয় দিয়েছিল। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আজ, শনিবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। অন্যদিকে, নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের পাল্টা দাবি, ওই ঘটনার সঙ্গে দলীয় রাজনীতির কোনও সম্পর্ক নেই। এলাকাগত সাধারণ ঝামেলাকে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে বিজেপি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।










