ডিজে মামলায় পাল্টা চাল অভিষেকের! বিজেপি নেতাদের ১৭ ‘হুমকি ভাষণ’ তুললেন হাইকোর্টে

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: একাধিক অভিযোগের মাঝেই এবার গর্জে উঠলেন মমতার বাঘ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! ডিজে ভাষণের মামলায় নিজের পক্ষে সওয়াল করতে গিয়ে বিজেপির নেতাদের বিরুদ্ধে ভয় ও হুমকি ভাষণের মোট ১৭ টি সারাংশ তুলে ধরলেন তিনি। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন করে মামলা দায়ের করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। আগামী সপ্তাহে হতে পারে সেই মামলার শুনানি।

হাইকোর্টে পাল্টা চাল অভিষেকের

রাজ্যে পালাবদলের পর থেকে ধারাবাহিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে। তার মধ্যে ডিজে মামলা নিয়ে একের পর এক বিতর্ক উঠে আসছে খবরের শিরোনামে। আর সেই বিতর্কের মাঝেই এবার বিজেপির নেতাদের বিরুদ্ধে ভয় ও হুমকির ভাষণের অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে দায়ের করা হল নয়া মামলা। সবমিলিয়ে মোট ১৭ টি হুমকিমূলক ভাষণের সারাংশ তুলে ধরা হয়েছে। যার মধ্যে বিজেপি নেতাদের নির্বাচন চলাকালীন শত্রুতাপূর্ণ ও প্রতিহিংসামূলক মনোভাবসম্পন্ন হুমকির ভাষণ রয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।

কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক

ডিজে হুঁশিয়ারি মামলায় বহু টালবাহানার পর অবশেষে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবার বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিলেন তিনি। গত ১০ই জুলাই এই মামলায় তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্নের মুখে পড়ে তাঁর রক্ষাকবচ। এমনকি, ভয়েস স্যাম্পল দিতে তিনি যে বাধ্য সেই কথাই স্মরণ করিয়ে দেন বিচারপতি। অবশেষে বুধবার, বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে গিয়ে তিনি স্যাম্পেল দেন। তার আগে সকালে কালীঘাটে অভিষেকের বাড়িতে আসেন আইনজীবীরা। আর আজ বিজেপি নেতাদের বিরুদ্ধে ১৭ টি হুমকিমূলক ভাষণের সারাংশ তুলে ধরেন।

আরও পড়ুন: দেশের প্রথম অন-ডিমান্ড ডেলিভারি শুরু, এবার নিমিষেই বাড়িতে পাবেন গ্যাস সিলিন্ডার

প্রসঙ্গত, গতকাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছিলেন মদন মিত্র। আর তাঁর এই শিবিরত্যাগের জন্য দায়ী করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সুরে তাল মিলিয়েছিলেন বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, ‘‘আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।’’ অনুব্রত মণ্ডলের স্পষ্ট কথা দলের এই পরিস্থিতির জন্য একবাক্যে দায়ী করেছেন অভিষেককে। যদিও এই নিয়ে অভিষেকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।