৫ মাসের ভাড়া বকেয়া, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বিস্ফোরক অভিযোগ

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম। বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে জল অনেকদূর গড়িয়েছে। এমনকি গতকাল দমকল দফতরের তরফ থেকে অবিলম্বে অভিষেকের অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই বলেই অভিযোগ দমকলের। তবে এবার সেই অফিস নিয়ে বিতর্ক এগোল আরও একধাপ। গত ৫ মাস ধরেই নাকি ওই অফিসের ভাড়া বকেয়া রয়েছে। এমনটাই অভিযোগ মালিকপক্ষের।

অভিষেকের পার্টি অফিস নিয়ে বিস্ফোরক অভিযোগ

২০২০ সালে ওই বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে চুক্তি করে তৃণমূল কংগ্রেস। প্রভাব খাটিয়ে বাজারদরের তুলনায় অনেক কমে মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিসটি নেওয়া হয়। ওই বিল্ডিং-র ৭ এবং ৮ তলায় তৃণমূলের পার্টি অফিস। ১৭ হাজার স্কয়ার ফিটের ওই দুটি ফ্লোরের মাসিক ভাড়া নির্ধারণ করা হয় মাত্র ১০ লক্ষ টাকা। এমনকি চুক্তির শর্ত ছিল, কমপ্লিশন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই জায়গা দখল করে ব্যবহার বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না।

তবে মালিকপক্ষের অভিযোগ, প্রভাব খাঁটিয়েই অভিষেক, পলাতক বিনয় মিশ্র এবং জেলবন্দী শান্তনু বিশ্বাসরা অফিসটিকে দখল করে নেয়। এমনকি বিগত ৫ মাস ধরে অফিসের ভাড়া মেটানো হয়নি। যদিও এর আগে মালিকপক্ষ দাবি করে, ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে তৃণমূলের যুব কংগ্রেসের চুক্তি হয়। আর সেই চুক্তিতে সই করেছিলেন বর্তমান জেলবন্দি তথা রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। লিজে যে শর্ত ছিল তা মানা হয়নি বলেই অভিযোগ।

আরও পড়ুন: নজরে আয়বহির্ভূত সম্পত্তি, ববির সংস্থার পর প্রাক্তন কাউন্সিলরের বাড়ি চলছে তল্লাশি

গতকাল দমকল স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিষেকের ওই পার্টি অফিস অগ্নিনির্বাপন ব্যবস্থার সমস্ত নিয়ম মানেনি। বর্তমানে ওই দফতর জনগণের জন্য ঝুঁকিপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব ৭ এবং ৮ নম্বর ফ্লোর খালি করার নির্দেশ দেওয়া হয় দমকলের তরফ থেকে। এমনকি এ নিয়ে মালিক ও ভাড়াটিয়াদের তলবও করা হয়েছিল। তবে ভাড়াটিয়ারা হাজিরা দিলেও মালিকপক্ষ এদিন উপস্থিত থাকেনি। এরই মধ্যে মালিকপক্ষের অভিযোগ, পাঁচ মাসের ভাড়া বকেয়া রেখেছে অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।