আনিষা চৌধুরী, কলকাতা: এবার নিশানায় বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (TMC Councilor)। অলকানন্দা দাসের বাড়িতে শনিবার জোর কদমে চলল তদন্ত! কি উদ্ধার করল প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন? বেলা গড়াতেই তদন্ত কমিশনের একটি দল তাঁর বাড়িতে পৌঁছয়। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর সম্পত্তি ও তার উৎস সম্পর্কে তথ্য খতিয়ে দেখাই এই অভিযানের উদ্দেশ্য। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে চলছে এই তদন্ত।
সম্পত্তির উৎস খতিয়ে দেখছে কমিশন
অলকানন্দার নামে থাকা সম্পত্তি কোথা থেকে এসেছে, তার অর্থের উৎস কোথায় এবং এর সঙ্গে কোনও দুর্নীতির যোগ রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিযোগ অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ তাঁর আয়ের সঙ্গে মিলছে কিনা, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। শনিবারের অভিযানে বিভিন্ন নথি ও সম্পত্তি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
ফিরহাদ হাকিমের দুই সংস্থাতেও অভিযান
এর আগে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নিউ আলিপুরের দু’টি সংস্থাতেও অভিযান চালিয়েছিল এই কমিশন। টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় অবস্থিত ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এ গিয়েছিলেন তদন্তকারীরা। প্রথম সংস্থাটি প্লাস্টিক উৎপাদনের সঙ্গে যুক্ত, অন্যটিতে রাসায়নিক সামগ্রী তৈরি হয়। ওই সংস্থাগুলির সঙ্গে কোনও আর্থিক দুর্নীতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সেখানে যান কমিশনের আধিকারিকেরা।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ থেকে বকেয়া DA, ‘সিএম শ্রী’ স্কুল, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রাক্তন শাসকদলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। বেশ কিছু ক্ষেত্রে পুলিশও তদন্ত শুরু করেছে। কলকাতা পুরসভার কয়েক জন কাউন্সিলর গ্রেফতারও হয়েছেন। এই পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তৈরি এই কমিশনের নজরে এবার প্রাক্তন কাউন্সিলর অলকানন্দা দাসের সম্পত্তি। তাঁর পাহাড় প্রমাণ সম্পত্তি আদৌ নৈতিক? নাকি দুর্নীতিগ্রস্ত এখন সেটাই দেখার বিষয়।









