সহেলি মিত্র, কলকাতা: শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বকেয়া ডিএ (Dearness allowance), একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন (CM Suvendu On Teachers Day) যে, তাঁর সরকার শুধুমাত্র পরীক্ষাকেন্দ্রিক শিক্ষার পরিবর্তে চরিত্র গঠন, মানসিক শক্তি এবং আত্মনির্ভরশীলতার উপর দৃষ্টি নিবদ্ধ করে স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শন অনুসারে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালিত স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির জন্য পূর্ববর্তী সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ করেন। শুভেন্দু বলেন, ‘এখন আমরা নিয়োগ প্রক্রিয়াটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে নিয়োগ কঠোরভাবে মেধার ভিত্তিতে করা হবে।’ মুখ্যমন্ত্রী ‘সিএম শ্রী’ স্কুল স্থাপন নিয়েও বড় বার্তা দেন। শনিবার নিউটাউন কনভেনশন সেন্টারে বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুখ্যমন্ত্রী পূর্ববর্তী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ করেন ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) বাতিল করার জন্য। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা অনেক ভুল করে ফেলেছি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। NCC তুলে জয়হিন্দ বাহিনী করা হল। NCC-কে ফিরিয়ে আনা উচিত। কলেজে কলেজে NCC ফিরিয়ে আনতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের ভয়ঙ্কর কুপ্রভাব পড়েছে। খুব কঠিন সিদ্ধান্ত, ভোট কমে যাবে আমার। এই সব সংস্কার না করলে শিক্ষক দিবসের কোনও মানে হয় না। আজ যাঁরা সম্মানিত হবেন, তাঁদের মধ্যে আমরা ঢুকব কেন? যারা রাষ্ট্রের ক্ষতি করে, পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গায় না- এগুলো বিচার্য বিষয়ের মধ্যে থাকা উচিত।”
ডিএ নিয়েও বড় বার্তা শুভেন্দু অধিকারীর
মুখ্যমন্ত্রী জানান, বকেয়া DA মেটাতে প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানানো হয়েছে। ইন্দু মালহোত্রা কমিটি নির্দেশ দিলে ধাপে ধাপে সেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি স্কুলের ব্যাগ, পোশাক, মিড-ডে মিল ও বইয়ের মান উন্নয়নের কথাও উল্লেখ করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির স্কলারশিপে বৈষম্য বন্ধ করে সবার জন্য সমান সুযোগের কথা বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবীদের পুরস্কার দেওয়ার ক্ষেত্রেও কোনও বৈষম্য করা হয়নি বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ ৩০০০ টাকা সঙ্গে বছরে বিনামূল্যে ৩টি গ্যাস সিলিন্ডার, ঘোষণা রাজ্য সরকারের
সরকারের তরফে বলা হয়েছে, আগের সরকার তিন বছর টাকা দেয়নি, এমনকি খেলাধুলার ভাতাও বকেয়া ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে কম্পোজিট গ্র্যান্টের টাকা দিয়েছে। শিক্ষক নিয়োগে ভুলত্রুটি হয়েছে বলেও স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ মেনেই ভবিষ্যতে নিয়োগ হবে এবং কোনও বেআইনি কাজ করা হবে না। নিয়োগের তালিকা ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি মৌখিক পরীক্ষায় নম্বর দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।










