মোদীর ঝালমুড়ি খাওয়ার জেরে প্রচার স্থগিত, সূচি বদলে ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ঝাড়গ্রামে (Jhargram) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভা ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ, নিরাপত্তার অজুহাত দিয়ে রবিবার, আকাশপথে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়েছিল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেনকে৷ শেষে বাধ্য হয়ে বাতিল করানো হয় তাঁদের সভা। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। আর তাই সেই ঘটনার প্রতিবাদে আগামীকাল, মঙ্গলবার বাঁকুড়ার কর্মসূচি পরিবর্তন করে ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক (Abhishek Banerjee)।

ঝাড়গ্রামে কপ্টার অবতরণ করল না হেমন্ত সোরেনের

রিপোর্ট মোতাবেক, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল, রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে চারটি হাইভোল্টেজ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ঝাড়গ্রামে, তাঁর সফরের সময়সূচি কিছুটা দীর্ঘায়িত হয়েছিল। কারণ ঝাড়গ্রামের সভা শেষে স্থানীয় এক দোকানে তিনি বাঙালির প্রিয় ঝালমুড়ি চেখে দেখছিলেন এবং উপস্থিত সকলকেও খাইয়েছিলেন। এদিকে ওই সময়েই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন পশ্চিম মেদিনীপুরের দান্তন ও কেশিয়ারি এলাকায় নির্বাচনী সভা সেরে ঝাড়গ্রামে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ মুখে তাঁদের কপ্টার অবতরণের কোনো অনুমতি পেল না।

মোদীর কারণে হেমন্ত সোরেনের প্রচারে বাধা

অভিযোগ উঠে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা এবং অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত হেমন্ত সোরেন ও কল্পনা সোরেনকে রাঁচিতে ফিরে যেতে হয় বলে জানা গিয়েছে। অর্থাৎ আদিবাসী এলাকায় হেমন্ত সোরেনের প্রচার বাধা পেয়েছে। সেক্ষেত্রে প্রশাসনিক স্তরে নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও, বিরোধীদের দাবি এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধতা প্রকাশ করে শাসক শিবির তৃণমূল কংগ্রেস। তাই এবার পাল্টা হিসেব নিতে মঙ্গলবার শেষদিনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন ঝাড়গ্রামকে।

আরও পড়ুন: হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি, বাবা নেই! আর্থিক অনটনের মধ্য দিয়েও IAS অফিসার জয়ন্ত

মঙ্গলে ঝাড়গ্রামে যাচ্ছেন অভিষেক

প্রথমদিকে আগামীকাল, ২১ তারিখ, মঙ্গলবার শুধুমাত্র বাঁকুড়ার বড়জোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার সূচি ছিল। কিন্তু গতকাল, মোদীর কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রচার বন্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে সেই সূচি পরিবর্তন করে ঝাড়গ্রামে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। এদিকে মোদির এই ঝালমুড়ি খাওয়া নিয়েও সমালোচনা করেছে তৃণমূল। তাদের অভিযোগ, ঝালমুড়ি খেয়ে আদিবাসীদের প্রতি সমবেদনা কখনোই জানানো যায় না। এছাড়াও তাঁদের আরও অভিযোগ, জঙ্গলমহলের মতো সংবেদনশীল অঞ্চলে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতেই কেন্দ্রীয় সরকার ইচ্ছে করেই এই ধরনের প্রশাসনিক বাধা তৈরি করেছে।