বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) আবহে দিনহাটায় (Dinhata) পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল বাম সংগঠন SUCI এর সদস্যদের বিরুদ্ধে। পুজো উপলক্ষ্যে দিনহাটার মহকুমা হাসপাতাল সংলগ্ন মেইন রোডে বাড়ছে জনসমাগম। আর সেই রাস্তার পাশেই SUCI এর তরফে বসানো হয়েছে একটি বুক স্টল। আর সেই বুক স্টলের কর্মীদের বিরুদ্ধেই এবার পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে টাকা তোলার অভিযোগ উঠল। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুজোর মধ্যে পার্টি ফান্ডের জন্য তোলা হচ্ছে টাকা!
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, লাল কাপড় হাতে দিনহাটা মহকুমা হাসপাতাল সংলগ্ন রাস্তায় টাকা তুলছেন SUCI বুক স্টলের কয়েকজন সদস্য। সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা তোলা হচ্ছে সেই অর্থ কোথায় যাবে প্রশ্ন করতেই বুক স্টলের এক মহিলা সদস্য জানালেন, এই অর্থ সরাসরি তাঁদের পার্টি ফান্ডে যাবে। এ কথা শুনেই কার্যত চটে যান ভিডিও গ্রাহক। বাম সংগঠনের কর্মীদের প্রশ্ন করা হয়, পুজোর মধ্যে রাস্তায় এত ভিড় থাকা সত্ত্বেও কেন এভাবে টাকা তোলা হচ্ছে?
ভিডিওটিতে বাম সংগঠনের সদস্যদের বলতে শোনা যায়, “আমরা 40 বছর ধরে এভাবে রাস্তাতেই টাকা কালেকশন করি।” স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের অভিযোগ, দিনহাটায় বিভিন্ন পুজো মন্ডপে লাইন দিয়ে ঠাকুর দেখছেন দর্শনার্থীরা। স্বাভাবিকভাবেই ভিড় হচ্ছে রাস্তায়। অভিযোগ, সেই ভিড়কে কাজে লাগিয়েই নিজেদের পার্টি ফান্ডের জন্য টাকা তুলে নিচ্ছেন বাম সংগঠনের সদস্যরা। স্থানীয় সাধারণ বাসিন্দাদের প্রশ্ন, পুজোর সময় কেন এভাবে সাধারন মানুষকে হয়রানি করা হচ্ছে? রাস্তায় দাঁড় করিয়ে এভাবে টাকা তোলাটা ঠিক নয়।
আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের অবসান ঘটালেন অভিজিৎ দীপকে! চোখের কোণে জল
ওই বাম সংগঠনের কর্মীদের বিরুদ্ধে এও অভিযোগ, কোনও রকম রশিদ ছাড়াই রাস্তায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন তাঁরা। ভিডিওটিতে কয়েকজন স্থানীয় যুবককে বলতে শোনা যায়, ‘আপনারা তো হিন্দু ধর্মে বিশ্বাসই করেন না। এদিকে পুজোর মধ্যে রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে টাকা তুলছেন!’ ওই বাম সংগঠনের কর্মীদের বিরুদ্ধে আরও অভিযোগ, তাঁরা স্কুলের ছাত্রীদের দিয়ে পুজোর মধ্যে পার্টি ফান্ডের টাকা তোলাচ্ছিলেন।










