আনিষা চৌধুরী, কলকাতা: শুধুমাত্র মৌখিক অভিযোগ নয়, এবার দায়ের হল লিখিত অভিযোগও। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় ফের ‘যথাযথভাবে’ খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নির্দেশের কথা শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর থেকে রাজ্যের মুখ্যসচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেই চিঠির একটি কপিও তাঁকে পাঠানো হয়েছে।
কী জানালেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ জানিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের ওই মহিলার অভিযোগ-সহ একাধিক তথ্য, নথি ও ছবি দিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। তাঁর অভিযোগ, বিষয়টি ভাবনা চিন্তা করে অমিত শাহর দফতর রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, “কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দফতরের মাধ্যমে রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে এই নির্দেশ দিয়েছেন। চিঠির কপি পাঠানো হয়েছে আমাকে।” তাঁর আরও দাবি, জন্মাষ্টমীর দিন তিনি চিঠিটি হাতে পেয়েছেন এবং যথাযথ সময়ে মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করবেন।
ঋতব্রতকে ‘অস্থায়ী বিরোধী দলনেতা’ বলে কটাক্ষ করে কুণাল আরও লিখেছেন, এবার ‘যথাযথভাবে’ তদন্ত কীভাবে করাতে হয়, সেই পর্ব শুরু হবে। তাঁর দাবি, তিনি শুধু অভিযোগ খতিয়ে দেখার কথা বলেননি, প্রয়োজনে পুরনো মামলাটি ফের খোলার দাবিও জানিয়েছেন। বালুরঘাটের ওই মহিলার কী হয়েছিল, তিনি মারা গিয়ে থাকলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, এই সমস্ত বিষয়ও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর ঋতব্রতর নেতৃত্বে দলের বেশ কয়েকজন বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠেন বলে দাবি কুণালের। এরপর থেকেই ঋতব্রতকে একের পর এক ইস্যুতে আক্রমণ করে আসছেন তিনি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়ে সেই পুরনো অভিযোগের তদন্তের দাবি তোলেন কুণাল। তাঁর বক্তব্য, রাজ্য সরকার যেন এই তদন্তে কোনওভাবে ঋতব্রতকে আড়াল না করে।
এ প্রসঙ্গে কুণালের হুঁশিয়ারি, গোটা প্রক্রিয়ার উপর তাঁর নজর থাকবে। কোনও আধিকারিক যদি কাউকে আড়াল করার চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ‘যথাযথ পদক্ষেপ’ করা হবে। একইসঙ্গে তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দূরত্ব তৈরি করছেন, তাঁরা এই তদন্ত থেকে রেহাই পাচ্ছেন এমন একটি ধারণা তৈরি হচ্ছে, যা একেবারেই ভুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর চিঠির বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ পাঠানোয় অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন কুণাল।
অন্যদিকে, ঋতব্রতর সঙ্গে থাকা বিদ্রোহী তৃণমূল বিধায়কদেরও কটাক্ষ করেছেন কুণাল। তাঁদের উদ্দেশে তাঁর প্রশ্ন, “যাদের নানা রকমের গল্প শুনিয়ে সঙ্গে রাখছে, তাঁরা ভাবুন, সঙ্গে থাকবেন? বিবেকে লাগছে না?” পাশাপাশি ঋতব্রত এবার দিল্লিতে ছুটবেন বলেও কটাক্ষ করেছেন তিনি।









