সৌভিক মুখার্জী, কলকাতা: বাইক চালানোর সময় হেলমেট না পরা কিংবা বিভিন্ন কারণে মোটা অংকের টাকা চালান কাটে পুলিশ। এখনকার সময়ে অনলাইনে এই চালান কাটা হয়। এমনকি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই চালান না মেটালে পরে গাড়ির ইন্সুরেন্স বা পলিউশন করতে সমস্যার মধ্যে পড়তে হয়। তবে স্বল্প টাকাতেই এবার মিটিয়ে নেওয়া যাবে নিজের গাড়ির নম্বরে ইস্যু হওয়া চালান। পশ্চিমবঙ্গে বসছে লোক আদালত (Lok Adalat)। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। কবে, কোথায় বসছে, রইল বিস্তারিত।
রাজ্যে বসছে লোক আদালত
কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০:৩০ মিনিটে এই লোক আদালত বসবে। তবে এই আদালত শুধুমাত্র ব্যাঙ্কশাল কোর্ট এবং আলিপুর জজ কোর্টে বসবে বলেই জানানো হয়েছে। যাদের গাড়িতে ইতিমধ্যেই চালান ইস্যু হয়েছে তারা কলকাতা ট্রাফিক পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগে থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর রেজিস্ট্রেশনের কপিটি নিয়ে আদালতে হাজির হতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা ট্র্যাফিক পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ kolkatatrafficpolice.gov.in-এ ভিজিট করে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে নিজের চালানের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া ৭ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনও ট্র্যাফিক গার্ড বা লালবাজার কাউন্টারে গিয়েও আপনি এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এরপর ১২ তারিখ লোক আদালতে উপস্থিত থেকে ১৪ই সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে যে কোনও ট্র্যাফিক গার্ড বা লালবাজার কাউন্টারে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কার্যকর APAAR আইডি, কীভাবে বানাবেন এই কার্ড? জেনে নিন
উল্লেখ্য, এই লোক আদালতের মাধ্যমে জরিমানার টাকা অনেকটাই মকুব হয়। সেক্ষেত্রে যদি কারও ১০০০ টাকা জরিমানা থাকে, তাহলে ৪০০ টাকার মধ্যেই তা মিটে যায়। তবে এই বিশেষ সুবিধা নিতে গেলে অবশ্যই মামলাকারীকে নোটিশ সঙ্গে নিয়ে স্বশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। এমনকি সেখান থেকে জেনে নিতে পারবেন যে কোন টেবিলে বা কাউন্টারে আপনার মামলার শুনানি হবে।










