পশ্চিমবঙ্গে কার্যকর APAAR আইডি, কীভাবে বানাবেন এই কার্ড? জেনে নিন

Published:

APAAR ID

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল পশ্চিমবঙ্গের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য আপার আইডি (APAAR ID) বাধ্যতামূলক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক তথ্য থেকে শুরু করে মার্কশিট সহ যাবতীয় ডকুমেন্ট এই ইউনিক ১২ ডিজিটের নম্বরের ভিতরেই সংরক্ষিত থাকবে। জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে সামঞ্জস্য রেখে এই আপার আইডি রাজ্যে বাস্তবায়িত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অনেকেই বুঝতে পারছেন না, কীভাবে এই আইডি তৈরি করবেন। বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

রাজ্যে কার্যকর হল আপার আইডি

গতকাল মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের আধুনিক ও ডিজিটাল ক্ষমতাসম্পন্ন শিক্ষা ব্যবস্থার যাত্রার ক্ষেত্রে আজ নতুন অধ্যায়ের সূচনা হল। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্কুল প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে শিক্ষাকে আরও  সহজলভ্য করে তোলার দিকেই আমরা এগোচ্ছি। আজকের ডিজিটাল সক্ষম শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। গত ১ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত দফতরকে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর এই আপার আইডি বানানো বাধ্যতামূলক।

এবার প্রশ্ন উঠছে কীভাবে বানাবেন এই আপার আইডি। আসলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে এই আপার আইডি বানিয়ে নেওয়া যায়। তবে তার জন্য শিক্ষার্থীর বৈধ আধার কার্ড থাকতে হবে এবং ডিজি লকারে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে এই আইডি বানানোর জন্য অবশ্যই অভিভাবকের সম্মতি প্রয়োজন পড়বে।

  • প্রথমে আপার আইডির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর ‘মাই অ্যাকাউন্ট’-এ ক্লিক করুন এবং ‘স্টুডেন্ট’ নির্বাচন করুন।
  • তারপর ডিজি লকার অ্যাকাউন্ট তৈরি করতে সাইনআপে ক্লিক করুন।
  • এরপর আপনার মোবাইল নম্বর, ঠিকানা এবং আধার কার্ডের বিবরণ দিন।
  • তারপর ডিজি লকার আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যাচাইকরণের জন্য আধার বিবরণ শেয়ার করতে চান কিনা। সেখানে টিকবক্সে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার স্কুল বা কলেজের নাম, শ্রেণি এবং কোর্সের বিবরণ পূরণ করতে হবে।
  • এরপর সাবমিট করলেই আপনার আপার আইডি তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন: অভিজিতের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ, CJP ভেঙে তৈরি হচ্ছে নতুন দল

তবে এই কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে আপার আইডির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে লগইন করতে হবে।
  • তারপর মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর এবং ইউজার নেম প্রবেশ করতে হবে।
  • এরপর ডিজি লকারের পিনকোড ইনপুট করতে হবে।
  • এরপর সার্চ ডকুমেন্টে গিয়ে আপার আইডি সিলেক্ট করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করিয়ে ‘গেট ডকুমেন্ট’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আপার আইডি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে।