সৌভিক মুখার্জী, কলকাতা: প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করেই রাতারাতি ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party) খুলে নিয়েছিলেন অভিজিৎ দীপকে। সেই দলের প্রধান মুখ তিনিই। এমনকি দিল্লির যন্তরমন্তরে তাদের আন্দোলন সফলও হয়েছে। বরাবরই রাজনীতি থেকে দূরে থেকে সাধারণ মানুষের জন্য প্রতিবাদ করাই এই দলের প্রধান কর্মসূচি ছিল। তবে আন্দোলনে সাফল্যের পরেই দেখা গেল ককরোচদের ভাঙন। দলের এক সদস্য প্রকাশ্যে অভিজিতের বিরুদ্ধে অভিযোগ তুলে নতুন দল গড়ার ঘোষণা দিয়েছেন।
ভেঙে যাচ্ছে ককরোচ জনতা পার্টি?
ককরোচদের অন্যতম একজন সদস্য মনীশ ব্রহ্মভট্ট। তবে সম্প্রতি দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি অভিজিৎ দীপকের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। এমনকি ককরোচ থেকে বেরিয়ে তিনি নতুন দল গড়ার ঘোষণা করেছেন, যার নাম দিয়েছেন ককরোচ জনতা পার্টি ডেমোক্র্যাটিক। তাঁর দাবি, আন্দোলন সফল হওয়ার পর ১২ সদস্যের একটি টিম গঠন করা হলেও তার আগে মাঠে থাকা কর্মী কিংবা পড়ুয়াদের সঙ্গে কোনও রকম আলোচনাই করা হয়নি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবকদের মতামত নেওয়া হয়নি।
তিনি আরও জানান, আন্দোলনে সক্রিয় থাকা বহু মুখকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া জাতীয় পর্যায়ে নতুন যে কমিটি গঠন করা হয়েছে, সেখানকার ৮ জন সদস্য আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। অথচ তারা বলেছিলেন, রাজনীতির সঙ্গে ককরোচদের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, এই গোটা দলটাই অরবিন্দ কেজরিওয়াল চালাচ্ছেন। এছাড়া ককরোচ পার্টির আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের যুবক-যুবতীরা যোগ দিয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল শিবসেনা, কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি ইত্যাদি।
#WATCH | Delhi: Founder CJP- Democratic, Manish Brahmbhatt says, “Today, we are launching the ‘Cockroach Janata Party-Democratic.’ The reason for this launch is that the original ‘Cockroach Janata Party’ team—which emerged from a movement built on the blood and sweat of the… pic.twitter.com/tPoQYgOyjj
— ANI (@ANI) September 3, 2026
আরও পড়ুন: দু’মাসের মধ্যে সর্বোচ্চ, ডলারের বিপরীতে শক্তি দেখাল ভারতীয় রুপি
তাঁর অভিযোগ, নতুন পদাধিকারীদের তালিকায় তাঁদের কাউকে জায়গা দেওয়া হয়নি। যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো, সেই আন্দোলনের নেতৃত্বই এখন যোগ্যতার বদলে অন্য লক্ষ্যে কাজ করছে। নতুন গোষ্ঠীকে আরও গণতান্ত্রিক করার প্রতিশ্রুতি দিয়েছেন মনীশ। এমনকি তিনি জানিয়েছেন, দেশের প্রতিটি রাজ্য থেকে স্থানীয় আন্দোলনকারী এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে থেকে পাঁচজন করে প্রতিনিধি বেছে নতুন ককরোচ জনতা পার্টি ডেমোক্র্যাটিক গড়ে তোলা হবে, যাদের রাজনীতির কোনও লক্ষ্য থাকবে না।










