আনিষা চৌধুরী, কলকাতা: CJP (Cockroach Janta Party) আন্দোলন ঘিরে দেশের রাজনৈতিক মহলে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই গুজরাতের (Gujarat) পুর নির্বাচনের ফলাফল প্রকাশ করে নজর কাড়ল বিজেপি (Bhartiya Janata party বা BJP)। গান্ধীনগর পুরনিগম নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রাখল কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত গেরুয়া শিবির। মোট ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে বিজেপি। অন্যদিকে, একটিও আসনে জিততে পারল না আম আদমি পার্টি (Aam Aadami Party বা AAP)। ফলে পুরসভায় ফের নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হল শাসক দল।
কী বলছে পুর গণনার ফলাফল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ভোট গণনা হয়। গণনার পর যে ফল প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী, গান্ধীনগর পুরনিগমের ১১টি ওয়ার্ডের ৪৪টি আসনের মধ্যে বিজেপির দখলে গিয়েছে ৩৮টি। অর্থাৎ, মোট আসনের প্রায় ৮৬.৪ শতাংশই পেয়েছে শাসক দল। কংগ্রেস জিতেছে পাঁচটি আসনে। বাকি একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। এই ফলাফলে একটি বিষয় স্পষ্ট, পুরনিগমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে বিজেপিকে কোনও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি।
তবে আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে বিজেপির আসনসংখ্যা কিছুটা কমেছে। ২০২১ সালের পুর নির্বাচনে ৪৪টির মধ্যে ৪১টি আসনে জয় পেয়েছিল গেরুয়া শিবির। সে বার কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র দু’টি আসন এবং একটি আসনে জিতেছিল আপ। এইবার কংগ্রেসের আসনসংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। অন্যদিকে, গতবার অন্তত একটা আসন পেলেও এ বার পুরনিগমে নিজের খাতাই খুলতে পারেনি আপ।
নির্বাচনের কয়েকটি ওয়ার্ডের ফলাফল নজর কেড়েছে রাজনৈতিক মহলের। ছ’নম্বর ওয়ার্ডের চারটি আসনেই জয়লাভ করতে সক্ষম হয়েছেন কংগ্রেস প্রার্থীরা। সাত নম্বর ওয়ার্ডেও কংগ্রেস একটি আসনে জিতেছে। পাশাপাশি, দু’নম্বর ওয়ার্ডে একটি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থী। বাকি অধিকাংশ ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের দাপট দেখা গিয়েছে।
আরও পড়ুন: ১৬ অক্টোবর থেকে বদলাচ্ছে RBI-র নিয়ম, প্রভাব পড়বে আপনার EMI-এর ওপর?
গান্ধীনগরের পাশাপাশি গুজরাতের থারা ও ওখা পুরসভাতেও ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। থারায় ২৪টি আসনের মধ্যে ১৯টিতে এবং ওখায় মোট ৩৬টি আসনের মধ্যে ৩৩টিতে জয় পেয়েছে দলটি। সব মিলিয়ে রাজ্যের এই তিনটি শহুরে স্থানীয় প্রশাসনে আরও বেশ কিছুদিনের জন্য নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখল বিজেপি।










