প্রীতি পোদ্দার, কলকাতা: অস্তিত্ব সংকটের মুখে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। বিধানসভার ধাঁচে এবার লোকসভা দখলও নিয়েও দড়ি টানাটানি চলছে! জল্পনা, লোকসভার নতুন দলনেতা নাকি হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। ফলস্বরূপ ‘আসল তৃণমূল’ এর এই নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে বেড়েই চলেছে তর্ক বিতর্ক। এমতাবস্থায় চারবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ফের শুরু হল চর্চা।
ফের শিরোনামে কাকলি ঘোষ দস্তিদার
ছাব্বিশের নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত লোকসভার মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু কিছুদিন আগে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অন্য আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর থেকেই দলের কৌশল ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষের সুর শোনা যায় কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যে। প্রকাশ্যে আইপ্যাকের বিরুদ্ধে সরব হয়ে তিনি দলের যাবতীয় পদ ছেড়ে দেন। আর তারপরই জল্পনা উঠতে থাকে যে কাকলি ঘোষ দস্তিদার এবার বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু এবার শোনা যাচ্ছে লোকসভার নতুন দলনেতা নাকি উনিই হতে চলেছেন।
লোকসভায় নতুন দলনেতা কাকলি!
সূত্রের খবর, আগামী রবিবার অর্থাৎ ৭ জুন প্রায় কুড়ি জন তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সব ঠিক থাকলে নাকি পরের দিন সোমবার অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠকের দিন লোকসভার অধ্যক্ষের কাছে তাঁদের স্বাক্ষরিত চিঠি জমা দিতে পারেন। তাতে লোকসভায় নতুন দলনেতা হিসাবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে বলেও জল্পনা। যদিও এই নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর এই আবহে ফের সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর পোস্ট করলেন তৃণমূলের লোকসভার প্রাক্তন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার।
চাঞ্চল্যকর পোস্ট কাকলির
সূত্রের খবর, আজ, শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ফেলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি লিখেছেন, “একটি রাজনৈতিক পরিবারের চারবারের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তিনি কি শুধুই নিজের কথা ভাবতে পারেন? এটি নীতির বিরুদ্ধে রায় এবং শাসনের ব্যর্থতা।” অর্থাৎ এই পোস্টের নেপথ্যে তিনি জানিয়ে দিলেন যে, বর্তমানে বাংলার পরিস্থিতি পূর্বতন শাসক এবং শাসনের ব্যর্থতা। এদিকে কাকলির এই পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ব্যাখ্যা।










