সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘদিনের আশঙ্কাই সত্যি হল। কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। নিজেই সেই কথা জানালেন এই সিনিয়র কংগ্রেস নেতা। বুধবার প্রাতঃরাশের বৈঠকে তাঁর সমস্ত মন্ত্রিসভার সদস্যদের সামনে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পদত্যাগের ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার
বিভিন্ন সূত্রের খবর, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। ডিকে শিবকুমার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে, উভয় নেতা সম্প্রতি নয়াদিল্লিতে এসেছিলেন, যেখানে তাঁরা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও হাইকমান্ডের সঙ্গে কথা বলেছেন। বুধবার একটি বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও উপস্থিত ছিলেন, যেখানে সিদ্দারামাইয়া তাঁর পদত্যাগের ঘোষণা করেন।
রাজ্যে নতুন পালাবদল?
এদিকে সামাজিক মাধ্যমে মিটিং-এর বেশ কিছু ভাইরাল হয় যেখানে দেখা যায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শিবকুমার সিদ্দারামাইয়ার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং তাঁকে আলিঙ্গন করেন। প্রশ্ন উঠছে, কর্ণাটকে কি তাহলে নতুন পালাবদল হতে চলেছে? এর আগে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিলেন, কিন্তু রাজ্যপাল বর্তমানে পারিবারিক কারণে রাজ্যের বাইরে রয়েছেন।
মনে করা হচ্ছে, সিদ্দারামাইয়া আজ রাজ্যপালের কার্যালয়ে গিয়ে তাঁর পদত্যাগপত্র জমা দিতে পারেন। বিভিন্ন সূত্রে খবর, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সিদ্দারামাইয়া আজ সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক এবং কর্ণাটকের দায়িত্বপ্রাপ্ত রণদীপ সুরজেওয়ালার সঙ্গে দেখা করবেন। সিদ্দারামাইয়ার পদত্যাগের পর কংগ্রেস এখন ডিকে শিবকুমারকে তাদের বিধানসভা দলের নেতা হিসেবে নির্বাচিত করবে। এরপর দলটি সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে যাবে। এমনও জল্পনা রয়েছে যে, সিদ্দারামাইয়ার ছেলে শিবকুমারের নতুন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন, যেমনটা সম্প্রতি বিহারে সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন নতুন সরকারে নীতীশ কুমারের পদত্যাগের পর ঘটেছিল। যাইহোক, এখন দেখার আগামী দিনে কী হয়।










