সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তবে তার আগেই আইপ্যাক (IPAC) নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। আজ সকালেই বেশ কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, আইপ্যাক নাকি ভোটের আগে বাংলায় ২০ দিন তাদের কাজকর্ম বন্ধ রাখবে। যদিও পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয় যে, বিরোধীরা গুজব ছড়াচ্ছে। এরকম কোনও ঘোষণা হয়নি। তবে এবার তা নিয়েই এক হাত নিলেন মমতা।
আইপ্যাক কর্মীদের চাকরি দেওয়ার আশ্বাস মমতার
এদিন তারকেশ্বরের সভা থেকে আইপ্যাক ইস্যুতে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, “আমাদেরকে রোজ ইডি রেড করছে। ভোটের সময় কীসের জন্য? কেন এখন মনে পড়ল? এতদিন কোথায় ছিল? আমাদের এজেন্সিগুলিকে বলছে যে, যারা তৃণমূলের কাজ করে তারা বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমাদের হতে ৫০টা এজেন্সি রয়েছে। আমাদের হাতে একটা। আমাদের ক্ষমতা নেই। ওদের ভয় দেখালে আমাদের দলে যোগ দেবে। ওদেরকেই আমরা চাকরি দেবো। একটা ছেলেকেও আমরা চাকরিহারা হতে দেবো না। সকালে এ বিষয়ে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। তাই অযথা দাপাদাপি করে লাভ নেই।”
উল্লেখ্য, সংবাদমাধ্যমগুলি আজ সকালে দাবি করছিল যে, আইপ্যাকের তরফ থেকে একটি ইমেইল করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে, কর্মীদেরকে আগামী ২০ দিনের জন্য সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। ১১ মে-র পর আবারও তারা যোগাযোগ করবে, এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। আইনি বাধ্যবাধকতার কারণেই পশ্চিমবঙ্গে তারা কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়। যদিও পরে তৃণমূলের তরফ থেকে এই দাবি ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: অভয়াকে ‘মৃত’ ঘোষণা করা আরজি করের ডাক্তারের নাবালিকা ভাগ্নি নিখোঁজ, ঘনাচ্ছে রহস্য
এদিকে ইডির তল্লাশি নিয়ে এদিন এক হাত নিয়েছেন মমতা। গত শুক্রবার তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যা নিয়ে আজ স্বর গরম করেছেন মমতা। তিনি বলেন, আমরা যে ইনকাম ট্যাক্স দিই তার প্রমাণ রয়েছে। তাও আমাদের বাড়িতে রেড করছে। দেবাশীষ কুমারকে ১৬ ঘণ্টা ধরে আটকে রেখেছে। তাঁকে প্রচার করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস করা হবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। যে আমার নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাঁর বাড়িতেও রেড করা হয়েছে। আমাকে খুন করতে চায় তাঁরা? এদিকে মমতার এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে উত্তাপ আরও বেড়েছে।










