সৌভিক মুখার্জী, গাইঘাটা: সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল আরজি কর হাসপাতালের (R. G. Kar Medical College and Hospital) জরুরি বিভাগের মেডিকেল অফিসার তাপস প্রামাণিকের নাবালিকা ভাগ্নি। তিনিই ওই হাসপাতালে খুন হওয়া ধর্ষিতা অভয়াকে মৃত বলে ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে গাইঘাটা থানায় (Gaighata Police Station) মিসিং ডায়েরি করা হয়েছে তাপসবাবুর তরফে। তবে নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা কেটে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি নাবালিকার। যার কারণে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং ঘনাচ্ছে রহস্য।
নিখোঁজ আরজি করের ডাক্তারের ভাগ্নি
এই সময়ের রিপোর্ট অনুযায়ী খবর, ওই নাবালিকার বয়স মাত্র ১৪ বছর। সে ক্লাস নাইনের ছাত্রী। বাড়ি গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর গ্রামে। বছর তিনেক আগে তাঁর মা মারা গিয়েছে। তবে মা মারা যাওয়ার পর তাঁর বাবা দায়িত্ব না নেওয়ার কারণে মামা তাপস প্রামাণিকের কাছেই থাকত সে। তাপসবাবু আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে মেডিকেল অফিসার পদে কর্মরত। আর তিনিই অভয়াকে মৃত বলে ঘোষণা করেছিলেন। এমনকি অভয়ার মৃত্যুর প্রতিবাদে তিনি আন্দোলনেও নেমেছিলেন।
জানা যাচ্ছে, অভয়ার পরিবারের সঙ্গেও এখনও পর্যন্ত যোগসূত্র রয়েছে তাঁর। রাজনৈতিক দিক থেকে তিনি পদ্ম শিবিরের সঙ্গে যুক্ত। ভোট প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। যে কারণেই রহস্য আরও দানা বাঁধছে। সূত্রের খবর, গত ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত তিনি হাসপাতালে ডিউটিতেই ছিলেন। তখন জানতে পারেন, তাঁর ভাগ্নি নিখোঁজ হয়ে গিয়েছে। প্রাইভেট টিউশন থেকেই আর বাড়ি যায়নি বলে খবর। এমতাবস্থায় তড়িঘড়ি তিনি গাইঘাটা থানায় মিসিং ডায়েরি করেন। তবে শনিবার পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি।
আরও পড়ুন: LPG থেকে মুখ ফেরাচ্ছেন দেশবাসী? এক ধাক্কায় রান্নার গ্যাসের ব্যবহার কমল ১৩%
যদিও গাইঘাটা থানার পুলিশ জানিয়েছেন যে, নাবালিকার খোঁজে তল্লাশি চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে তাপসবাবুর কথায়, ৭২ ঘণ্টা কেটে যাওয়া সত্ত্বেও থানার পুলিশ কোনও সন্ধান দিতে পারেনি। তাঁর দাবি, আমি রাজনৈতিকভাবে বিজেপি করি এবং আমি অভয়ার খুনের প্রতিবাদে অংশ নিয়েছিলাম বলেই কি আমার নাবালিকা ভাগ্নিকে কেউ অপহরণ করেছে? আমি রাজ্য পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তাদের কাছে আবেদন করছি, দ্রুত আমার ভাগ্নিকে যেন উদ্ধার করে দেওয়া হয়। গাইঘাটা থানার পুলিশ কোনও রকম পদক্ষেপ নিতে পারছে না।










