অ্যাকাউন্ট থেকে ২৪ লাখ গায়েব! ষড়যন্ত্র দেখছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী

Published:

Raiganj

প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাই জোর কদমে চলছে প্রস্তুতি। আর এই আবহে ঘটল আরেক ঘটনা। সাইবার প্রতারণার শিকার হলেন রায়গঞ্জের (Raiganj) তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। অভিযোগ তাঁর মোবাইল ফোন ‘হ্যাক’ করে ২৪ লক্ষ ৪৫ হাজার তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাইবার প্রতারণার শিকার তৃণমূলের প্রার্থী

রিপোর্ট মোতাবেক গতকাল, বুধবার রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করার সময় সাইবার জালিয়াতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, ৫-৬ দিন আগে প্রথমবার তাঁর মোবাইল ফোনটি হ্যাক করা হয়েছিল তখন তিনি থানায় অভিযোগ করে নিজের সিম কার্ড পরিবর্তন করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সিম পরিবর্তনের ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় তাঁর ফোনটি হ্যাক করা হয়। এবং বুধবার তিনি ব্যাঙ্কের তরফে জানতে পারেন যে, অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর দাবি, “এটা কোনও সাধারণ জালিয়াতি নয়। একেবারে নির্বাচনের মুহুর্তে ষড়যন্ত্র এবং সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে।”

খোয়া গিয়েছে ২৪ লাখ টাকা

সাইবার প্রতারণার এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।” তৃণমূল প্রার্থীর দাবি, কোনও প্রকার স্বাক্ষর ছাড়াই RTGS-এর মাধ্যমে ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় কর্ণজোড়ার সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নির্বাচনের আবহে টাকার পরিমাণটা নেহাত কম নয়। তাই স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: ভোটের দায়িত্বে এসে ফলতায় অস্বাভাবিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! উদ্ধার রক্তাক্ত দেহ

উল্লেখ্য, রায়গঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী রাজনীতিবিদের পাশাপাশি তিনি একজন শিল্পপতিও বটে। ২১-এ বিজেপির টিকিটে প্রার্থী হয়ে বিধায়ক হয়েছিলেন, তারপর তৃণমূলে যোগদান করেন। চব্বিশের লোকসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হন পদ্ম প্রার্থীর কাছে। এবার ফের জোড়া ঘাসফুলের প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী। জানা গিয়ে তাঁর প্রতিপক্ষ হয়ে বিজেপির তরফে দাঁড়িয়েছে ছাত্রনেতা কৌশিক চৌধুরী। এছাড়াও কংগ্রেস থেকে মোহিত সেনগুপ্ত এবং সিপিএমের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জীবনানন্দ সিংহ।