প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে অজস্র কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। নিয়মিত চলছে টহলদারি। এমতাবস্থায় নির্বাচনের দায়িত্বে এসে অস্বাভাবিকভাবে মৃত্যু হল এক জওয়ানের। ঘটনাটি ঘটেছে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রের দোস্তিপুর এলাকায়। সেখানকার একটি স্কুলের বারান্দা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় কনক কোচ নামের এক জওয়ানের। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক, আসন্ন নির্বাচনের কাজের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রায় ৮৬ জন জওয়ান ফলতা এলাকায় মোতায়েন করেছিল। তাঁদের মধ্যে ছিলেন অসমের বাসিন্দা, ITBP-র একজন হেড কনস্টেবল কনক কোচ। সকলকে দোস্তিপুর হাইস্কুলে রাখা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাতে ঘটে যায় ভয়ংকর ঘটনা। ওইদিন রাতে খাওয়া-দাওয়া সেরে সকলেই যখন নিজেদের মতো বিশ্রামে যাচ্ছিলেন সেই সময় শৌচাগারে যেতে গিয়ে এক জওয়ান দেখেন বারান্দায় কনক রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন। তড়িঘড়ি বাকিরা কনককে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেয়।
সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু?
সকলের উপস্থিতিতে কনক কোচের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এইমুহুর্তে দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওই জওয়ানের মৃত্যু হতে পারে। তবে এখনও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা স্পষ্ট হয়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে সবটাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
আরও পড়ুন: গাড়ি তল্লাশির অভিযোগ তুলেছিলেন মমতা, পাল্টা জবাব দিলেন CEO মনোজ আগরওয়াল
স্কুল চত্বরে, এই ধরনের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় দোস্তিপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ধরনের মর্মান্তিক ঘটনার জেরে জওয়ানদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সহকর্মীরা ঘটনাটির সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন, এমতাবস্থায় এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের কাছে বাড়তি চাপ বলে মনে করছেন অনেকে।










