প্রীতি পোদ্দার, কলকাতা: মমতা শিবিরের বিরুদ্ধে এবার নথি লুটের অভিযোগ তুললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। স্পষ্ট জানিয়ে দিলেন এভাবে কাউকে দমানো যায় না। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি তৃণমূল কংগ্রেস দলটি দু’ভাগে ভাগ হওয়ার পর থেকেই একের পর এক কাদা ছোড়াছুড়ি চলছে। আপাতভাবে দুটি শিবিরকে দুটি আলাদা প্রতীক (TMC Symbol Dispute) দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তা অস্থায়ী। তাই এখনও জোড়াফুল নিয়ে টানাটানি জারি রয়েছে। আর সেই সংক্রান্ত তথ্য জমা দিতে গিয়েই বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।
নথি ছিনতাইয়ের অভিযোগ মমতার বিরুদ্ধে
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি সাধের তৃণমূল কংগ্রেস দলটি দু’ভাগে ভাগ হওয়ার পর রাজনৈতিক শিবিরে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছিল। তারপরেই উপনির্বাচনের আগে দুটি আলাদা প্রতীক নির্ধারণ করে দিয়েছিলেন নির্বাচন কমিশন। সঙ্গে দলের নামও আলাদা করা হয়েছিল। কিন্তু জোড়াফুলের দখল নিয়ে দুই শিবিরের মধ্যে এখনও চলছে বিতর্ক। জানা গিয়েছে, আজ, ২৬ অক্টোবর কমিশনে তথ্য জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই মমতা ও ঋতব্রত তৃণমূল দিল্লিতে নথি পাঠিয়েছে। ৩০ অক্টোবর দুই তৃণমূলকেই মুখোমুখি বসিয়ে তাদের কথা শুনবে কমিশন। সেই অনুযায়ীই সিদ্ধান্ত হবে যে কে আসল তৃণমূল এবং কার কাছে তৃণমূলের জোড়াফুল প্রতীক থাকবে। এমতাবস্থায় মাঝপথে নথি ছিনতাইয়ের অভিযোগ তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বিস্ফোরক অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, সোমবার সকালে বিরোধী দলনেতা তথা গণতান্ত্রিক তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে, কালীঘাট শিবির গতকাল, ২৫ অক্টোবর অর্থাৎ রবিবার রাতে চার্টার্ড ফ্লাইটে নিজেদের নথি পাঠিয়েছে দিল্লিতে। সেখানেই তাদের নথি সড়কপথে নিয়ে যাওয়া হচ্ছে। ২৪ তারিখ সকালেই কর্মীরা রওনা দিয়েছিলেন, তবে মাঝপথে সেই নথি ছিনতাই করার চেষ্টা করা হয়। কর্মীরা সাহসিকতার সঙ্গে সেই ছিনতাই রুখে দেয়। তাঁর কথায়, “চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। সবসময় গায়ের জোরে সবকিছু লুটের চেষ্টা সফল হয় না।”
Chartered Flight has carried Kalighat’s affidavits to Delhi on 25 th evening. Our Affidavits are being transported to Delhi by road. Our workers have started with our documents on 24 th morning for depositing in ECI. Half an hour ago there were attempts to take control of the…
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) October 25, 2026
আরও পড়ুন: আশঙ্কাই হল সত্যি! জন্ম নিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলার এই জেলাগুলোতে দুর্যোগের ইঙ্গিত
পাল্টা প্রতিবাদ কুণালের
ঋতব্রতর এক্স হ্যান্ডলের এই পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক অন্দরে নানা মতবিরোধ তৈরি হয়। এনিয়ে সরাসরি প্রতিক্রিয়া দেন কালীঘাট শিবিরের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “কেউ বিশ্বাস করবে? সব গল্প। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি করছিল, পুলিশ দিয়ে জোর করে যতজন বিধায়কের সই হয়েছিল, ওতজন বিধায়করা তো এবার সই-ও করেনি। সদস্য-সমর্থক বলে ফর্ম ফিলআপ করানো হয়েছে, এমনকী থানা-পুলিশ করে ওইসব করানো হয়েছে। তাতেও ওদের বিরাট ঘাটতি। এতদিন পুলিশ দিয়ে রোয়াবি করেছে, এখন পুলিশ পারছে না বলে কাঁদুনি গাইতে এসেছে। হাসতে হাসতে পেট ফেটে যাবে। অপদার্থ, বিশ্বাসযোগ্যতাহীন মালপত্র সব।”










