প্রীতি পোদ্দার, কলকাতা: হাওয়া অফিসের আশঙ্কাই এবার সত্যি হল, আজ সোমবার সকালেই, বছরের প্রথম ঘূর্ণিঝড়ের জন্ম নিল বঙ্গোপসাগরে। জানা গিয়েছে, বুধবার অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। আর তারপরই শুরু হবে তাণ্ডব। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা (Cyclone Red Aler)। হয়তো এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাবে না বাংলা। আতঙ্কের দিন গুনছে বঙ্গবাসী।
বুধবার হবে ল্যান্ডফল
মৌসম ভবন জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়েছে। আর সেটাই আজ, সোমবার সকালে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। আগামী ২৮ অক্টোবর, বুধবার ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে অন্ধ্র-ওড়িশা উপকূলে। ল্যান্ডফলের সময় অন্ধ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগের ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশায়। অন্যদিকে ১৫টিরও বেশি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Subject: Deep Depression intensified into Cyclonic Storm “Arnab” [Pronunciation : Ornab] over Eastcentral and adjoining Westcentral Bay of Bengal [Cyclone Warning for Andhra Pradesh and adjoining South Odisha coasts—Red Message]
The Deep Depression over Eastcentral and adjoining… pic.twitter.com/ekLeH7Fv98— India Meteorological Department (@Indiametdept) October 26, 2026
কতটা প্রভাব পড়বে বাংলায়?
মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্র প্রদেশ থেকে ঘূর্ণিঝড় বাঁক নেওয়ার ফলেই বিপদ বেড়েছে বাংলার। আগামী বুধ ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতেও পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: মধ্যরাতে মেদিনীপুরের বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক বাস
অন্যদিকে বুধবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরীতে এবং লাল সতর্কতা জারি রয়েছে বিশাখাপত্তনমেও। এছাড়া সিকিম, নেপালে বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি আন্দামান দ্বীপপুঞ্জের শ্রী বিজয়পুরম থেকে প্রায় ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং বাপটলা থেকে ৯১০ কিলোমিটার পূর্বে রয়েছে। এখন দেখার এই ঘূর্ণিঝড়ের পরিণতি কী হয়।










