অনন্যা সরকার, কলকাতা: মাসের শুরুতে যখন ব্যাংকের অ্যাকাউন্টে বেতন ঢোকে, তখন অনেকেই কিছুটা সঞ্চয় করে রাখার পরিকল্পনা করেন। কিন্তু মাসের মাঝামাঝিতেই সংসারের খরচ, আকস্মিক প্রয়োজন বা অপ্রয়োজনীয় খরচের কারণে জমানো টাকা ফুরিয়ে যায়। এই সমস্যা সমাধানে খরচের হিসাব রাখার পাশাপাশি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কিছু নির্দিষ্ট দিকে নজর দিলে সঞ্চয় বৃদ্ধি পেতে পারে (Vastu Tips)। বিশেষ করে বাড়ির প্রধান প্রবেশদ্বার, উত্তর দিক, মূল্যবান জিনিসপত্র রাখার জায়গা। কোন কোন জায়গাগুলোর যত্ন নিলে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হতে পারে, আসুন জেনে নেওয়া যাক।
প্রধান প্রবেশদ্বার পরিষ্কার রাখুন
বাস্তুশাস্ত্রে বাড়ির প্রধান প্রবেশদ্বারকে ইতিবাচক শক্তি প্রবেশের পথ হিসেবে মনে করা হয়। তাই দরজার সামনে জুতো, চটি খুলে রাখা বা আবর্জনা জমতে দেওয়া উচিত নয়। দরজাটি যেন সহজে খোলা ও বন্ধ করা যায়, তালা বা কব্জায় কোনো সমস্যা থাকলে তা দ্রুত মেরামত করিয়ে নেওয়া উচিত। একটি পরিষ্কার ও আলো-বাতাসপূর্ণ প্রবেশদ্বার সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।
উত্তর দিক গুছিয়ে রাখুন
বাস্তুশাস্ত্রে উত্তর দিকটিকে সম্পদের দেবতা কুবেরের দিক হিসেবে বিবেচনা করা হয়। তাই এই দিকে পুরনো বাক্স, ভাঙা জিনিসপত্র বা অপ্রয়োজনীয় কাগজপত্র রাখবেন না। মনে করা হয়, এই দিকটি পরিষ্কার ও ফাঁকা রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়।
আরও পড়ুন: কোন দিকে বসাবেন RO ওয়াটার ফিল্টার? জেনে নিন বাস্তু বিশেষজ্ঞদের মত
উত্তর-পূর্ব কোণ (ঈশান কোণ) পরিষ্কার রাখুন
বাড়ির উত্তর-পূর্ব কোণটিকে বলা হয় ‘ঈশান কোণ’। এই স্থানটি পরিষ্কার, সু-আলোকিত এবং পর্যাপ্ত বাতাস চলাচলের উপযোগী রাখলে সুফল পাওয়া যায়। এখানে অতিরিক্ত আসবাবপত্র বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা থেকে বিরত থাকুন। বাস্তু বিশ্বাস অনুযায়ী, একটি পরিচ্ছন্ন ও খোলামেলা পরিবেশ বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে।
জল চুইয়ে পড়া বন্ধ করুন
বাস্তুশাস্ত্রে জল চুইয়ে পড়াকে আর্থিক অপচয়ের প্রতীক হিসেবে দেখা হয়। তাই রান্নাঘর বা বাথরুমের কোনো কল থেকে জল চুইয়ে পড়লে তা দ্রুত মেরামত করে নিন। এমনিতে ব্যবহারিক দিক থেকে দেখলেও, জল চুইয়ে পড়া বন্ধ করলে জলের অপচয় রোধ হয় এবং ভবিষ্যতে বড় ধরনের মেরামতের খরচ থেকেও বাঁচা যায়।
টাকা রাখার সিন্দুক, আলমারির যত্ন নিন
গয়না, টাকা-পয়সা বা গুরুত্বপূর্ণ নথিপত্র রাখার সিন্দুক বা আলমারি বাস্তু মতে বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে রাখা শুভ বলে মনে করা হয়। আর সিন্দুকের দরজা যেন উত্তর দিকে খোলে, এমনভাবে রাখলে তা শুভ বলে মানা হয়। আলমারির লকার বা সিন্দুকের ভেতরে ছেঁড়া পুরনো নোট, ছেঁড়া খাম বা অপ্রয়োজনীয় কাগজপত্র রাখবেন না। এই সব নিয়মগুলোর সাথে কার্যকরভাবে অর্থের সঞ্চয় করতে হলে নিয়মিত খরচের হিসাব রাখা ও অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।
বিঃ দ্রঃ – এই নিবন্ধে বাস্তুশাস্ত্র বিষয়ক যে তথ্য ও মতামত তুলে ধরা হয়েছে, তা কেবল সাধারণ অবগতির জন্য দেওয়া হয়েছে। পাঠকরা নিজ বিবেচনায় এটি গ্রহণ করবেন ও প্রয়োজনে কোনো যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।










