আনিষা চৌধুরী, কলকাতা: মগরাহাট (Magrahat) পশ্চিমের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক শামিম আহমেদকে (Shamim Ahmed) ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের পর প্রথমে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলের শিবিরে দেখা গিয়েছিল তাঁকে। তবে সম্প্রতি নিজের অবস্থান বদলে ফের মমতা ব্যানার্জির প্রতি সমর্থন জানান তিনি। এমনকি অভিষেক ব্যানার্জির পাশেও দাঁড়ান শামিম। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পরেই এবার তাঁর নিরাপত্তা প্রত্যাহারের খবর সামনে এল।
কী নিয়ে ভয় পাচ্ছেন বিধায়ক?
ভাইফোঁটার সকালেই শামিমের নিরাপত্তায় থাকা একজন হাউস গার্ড এবং একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, বিধায়ক বেশ কিছুদিন ধরে নিজের বাড়িতে থাকছিলেন না। তিনি কোথায় রয়েছেন, সে সম্পর্কেও নিরাপত্তারক্ষীদের কাছে কোনও তথ্য ছিল না। যদিও ঠিক কী কারণে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হল, সে বিষয়ে প্রশাসনের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই শামিমকে ঘিরে বিতর্ক চলছে। সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের দাবি করে পুলিশ। এই টাকা উদ্ধারের ঘটনায় অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের নামও উঠে আসে। যদিও ওই কার্যালয়ে আগে ভাঙচুর ও লুটপাট হয়েছিল বলে দাবি করেছিল তৃণমূল।
এর আগে শামিম অভিযোগ করেছিলেন, পুলিশি চাপ এবং মিথ্যা মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে তাঁকে রাজনৈতিক অবস্থান বদলাতে বাধ্য করা হয়েছিল, যদিও তিনি নিজের জায়গায় অনড় থেকেছেন। এই মর্মে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছিলেন তিনি। অন্যদিকে, সম্প্রতি ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে এবার শামিমের নিরাপত্তা প্রত্যাহার ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। তবে তাঁর বিরুদ্ধে গ্রেফতারির কোনও নতুন নির্দেশ বা পরোয়ানার খবর এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন শিলাবৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড রাজগঞ্জ! ফুটো বাড়ির চাল, নষ্ট ধান, ভাঙল পুজোমণ্ডপও
সব মিলিয়ে, পরেশরাম দাসের গ্রেফতারির পর শামিম আহমেদের নিরাপত্তা প্রত্যাহারের ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। বিধায়কের ধারণা, এবার তাঁর পালা। তাঁকে গ্রেপ্তার করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা প্রত্যাহার তারই একটি অংশ।










