আনিষা চৌধুরী, কলকাতা: ভারতমাতার স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে হাসিমুখে মৃত্যুকে বরণ করেছিলেন বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু (Khudiram Bose)। মাত্র ১৮ বছর বয়সে ১৯০৮ সালের ১১ অগস্ট ব্রিটিশদের ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন এই তরুণ বিপ্লবী। ভাইফোঁটার দিন দিদি অপরূপা দেবীর হাত থেকে আর ফোঁটা নেওয়া হয়নি তাঁর। ভাইয়ের এমন অকাল প্রয়াণে সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায় অপরূপা দেবীর।
ভাইফোঁটার শুভ লগ্নে বিশেষ আয়োজন
সেই অসম্পূর্ণ স্মৃতিকেই আজও বিশেষভাবে বাঁচিয়ে রেখেছেন মেদিনীপুরের মানুষ। প্রত্যেক বছরের মতো এবারও ভাইফোঁটা উপলক্ষে মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরাম বসুর জন্মভিটায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মিডনাপুর ডট ইন’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দিদি অপরূপা দেবীর হয়ে তাঁর আদরের ভাইকে ফোঁটা দেওয়া এবং বিপ্লবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো।
অনুষ্ঠানে অপরূপা দেবীর হয়ে প্রথমে ক্ষুদিরাম বসুর কপালে ফোঁটা দেন তাঁর পৌত্রবধূ শ্রীমতী মমতা রায়। এরপর তাঁকে ফোঁটা দেন শ্রীমতী সুতপা রায় এবং শ্রীমতী রিংকি ভৌমিক। পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্যদের হাত ধরে এভাবেই ফিরে আসে এক ঐতিহাসিক সম্পর্কের স্মৃতি। শুধু আনুষ্ঠানিকতা নয়, এই আয়োজনের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রামীর পারিবারিক জীবনের এক আবেগঘন অধ্যায়।
ক্ষুদিরাম বসুর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে তিন মুঠো খুদের এক বিশেষ কাহিনি। কথিত আছে, জন্মের পর অকালমৃত্যুর আশঙ্কায় তৎকালীন পারিবারিক রীতি মেনে তাঁর মা লক্ষ্মীপ্রিয়া দেবী তিন মুঠো খুদের বিনিময়ে তাঁকে বড় দিদি অপরূপা দেবীর হাতে তুলে দিয়েছিলেন। সেই ঘটনা থেকেই তাঁর নাম হয় ক্ষুদিরাম। পরবর্তীকালে বাবা-মাকে হারানোর পর দিদির কাছেই বড় হয়ে ওঠেন তিনি। ফলে ভাইয়ের প্রতি অপরূপা দেবীর স্নেহের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর।
আরও পড়ুন: “আমার নেতা, আমার দাদা, অভিভাবক” শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মমতার ভাই বাবুন
এদিনের অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অপরূপা দেবীর পৌত্র শ্রী সুব্রত রায় এবং প্রপৌত্র সাত্ত্বিক রায়, সার্থক রায় ও সপ্তক রায়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই ভাইফোঁটা ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক ভাই-বোনের সম্পর্ককে নতুন করে জাগ্রত করেছে। ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের স্মৃতির পাশাপাশি তাঁর পারিবারিক জীবনের এই আবেগঘন মুহূর্ত আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ।










