ফের পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি একাধিক জেলায়! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

সহেলি মিত্র, কলকাতাঃ ফের শুরু হল বৃষ্টি। পূর্বাভাস মতো আজ বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রমেঘের সঞ্চার হওয়ার কারণে ইতিমধ্যেই কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, সঙ্গে আবার শীত শীত ভাবও রয়েছে। তাও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একাধিক জায়গায়। আপাতত সন্ধে অবধি এরকম আবহাওয়া থাকতে পারে বলে খবর। তবে আগামীকাল (Weather Tomorrow) অর্থাৎ বৃহস্পতিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? সেটাই আলোচনা হবে।

ফের বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

আবহাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় বৃষ্টিপাত (Rainfall Alert) শুরু হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। এছাড়া উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধে অবধি আবহাওয়া মোটের ওপর এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

IMD জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ১৩ নভেম্বর পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত আনতে পারে। এছাড়া ১২ নভেম্বর কাশ্মীর উপত্যকায় পৃথকভাবে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ১৩ নভেম্বরের আশেপাশে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব দিকে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে এবং ১৪ নভেম্বর এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিবর্তিত হতে পারে। ১৫ নভেম্বরের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদিও ঘূর্ণিঝড়টি আদৌ তৈরি হবে কিনা সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ বিয়ের মরসুমে বাজারে আগুন! দাম বাড়ল সর্ষের তেল ও ডালের, কতটা?

আগামীকালের আবহাওয়া

আগামীকাল থেকে বৃষ্টি নাকি কমবে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কোথাও এদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর শুক্রবার থেকে সমগ্র বাংলার আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে।

google button