আনিষা চৌধুরী, কলকাতা: উৎসবের মরশুমে সাড়া ফেলেছে রামায়ণের কাহিনি অবলম্বনে তৈরি নীতেশ তিওয়ারির পৌরাণিক ছবি ‘রামায়ণ: পার্ট ১’ (Ramayana Part 1)। ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। ছবিতে লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওলকেও দেখা গিয়েছে। দীপাবলিতে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে। হিন্দির পাশাপাশি একাধিক আঞ্চলিক ভাষাতেও মুক্তি পেয়েছে এই ছবি।
ছয় দিনে ৮০০ কোটির গণ্ডি পার
মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে নজরকাড়া ব্যবসা করেছে ‘রামায়ণ: পার্ট ১’। Sacnilk-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, ১০ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার ছবিটি ভারতে ৯৪.১০ কোটি টাকা নেট আয় করেছে। গ্রস কালেকশন ১১২.৬০ কোটি টাকা। সোমবারের তুলনায় মঙ্গলবার ছবির আয় কিছুটা কমেছে। সোমবার ১০৭.৫০ কোটি টাকা নেট আয় করেছিল ছবিটি। অর্থাৎ একদিনে আয়ের পরিমাণ কমেছে প্রায় ১২.৫ শতাংশ।
ছবির আয়ের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। ষষ্ঠ দিনে হিন্দি থেকে ৭৬ কোটি টাকা নেট আয় হয়েছে। কন্নড় সংস্করণের আয় ৭.৭৫ কোটি টাকা। অন্যদিকে তেলুগু থেকে ৪ কোটি, তামিল থেকে ৩.৬০ কোটি এবং মালয়ালম থেকে ২.৭৫ কোটি টাকা এসেছে। এখনও পর্যন্ত ভারতে হিন্দি সংস্করণ থেকে মোট ৩৩৬ কোটি টাকা আয় হয়েছে। কন্নড় থেকে ৪১.২০ কোটি, তেলুগু থেকে ৩৩ কোটি, তামিল থেকে ১৭.৩৫ কোটি এবং মালয়ালম থেকে ১২.৯০ কোটি টাকা এসেছে।
শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও ভালো ব্যবসা করছে ছবিটি। ষষ্ঠ দিনে বিদেশের বাজার থেকে আনুমানিক ৩৫ কোটি টাকা গ্রস আয় হয়েছে। এর ফলে ছবির মোট বিদেশি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৭ কোটি টাকা। সব মিলিয়ে ছয় দিনে বিশ্বজুড়ে ৮২৩.৫০ কোটি টাকা গ্রস কালেকশন করেছে ‘রামায়ণ: পার্ট ১’।
আরও পড়ুন: তৃতীয় বিয়েও ভাঙল পবন কল্যাণের! অভিনেতার বিচ্ছেদের খবর ঘিরে চর্চা তুঙ্গে
ছয় দিনে ৮০০ কোটির বেশি আয় নিঃসন্দেহে ছবির জন্য বড় সাফল্য। তবে ছবিটির নির্মাণ খরচও বিপুল। বিভিন্ন প্রতিবেদনে প্রথম পার্টের বাজেট প্রায় ২,০০০ কোটি টাকা এবং সম্পূর্ণ প্রজেক্টের বাজেট প্রায় ৪,০০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। তাই এখনও পর্যন্ত আয়ের নিরিখে ছবির শুরুটা দুর্দান্ত হলেও, ছবিটিকে হিট বা ব্লকবাস্টার বলা যাচ্ছে না। বিনিয়োগের তুলনায় লাভের হিসাব এবং বক্স অফিসে ছবির দীর্ঘমেয়াদি পারফরম্যান্সের উপরই চূড়ান্ত সাফল্য নির্ভর করবে।










