দূষণ পরীক্ষার নিয়মে বড় বদল, ২০২৮ থেকেই কার্যকর হচ্ছে নতুন BS-VI মানদণ্ড

Published:

BS-VI Standards

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী বছরগুলোতে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোর জন্য দূষণ সংক্রান্ত নিয়মাবলী এবার আরও কঠোর হতে চলেছে। যানবাহন থেকে নির্গত ধোঁয়া আর ক্ষতিকারক গ্যাস পরীক্ষার জন্য নতুন মানদণ্ড (BS-VI Standards) নির্ধারণ করছে ভারত সরকার। সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলসের ১৫ তম সংশোধনী জারি করেছে। আর এই নতুন নিয়ম ২০২৮ সালের ১ এপ্রিল বা তার পরে তৈরি এন১ ক্যাটাগরি সমস্ত নতুন মডেলের ক্ষেত্রে কার্যকর হবে।

গাড়িগুলির ক্ষেত্রে কী কী নিয়মে বদল আসছে?

নতুন নিয়ম অনুযায়ী, এন১ ক্যাটাগরির গাড়িগুলিকে বিএস৬-র নতুন WLTP কার্বন স্ট্যান্ডার্ড মেনেই চলতে হবে। WLTP-র পুরো কথা হল ওয়ার্ল্ডওয়াইড হারমোনাইজড ভেহিকল টেস্ট প্রসিডিউর। এর মাধ্যমে গাড়ি থেকে নির্গত দূষণ আরও সুশৃঙ্খলভাবে পরীক্ষা করা হবে। আর নতুন মানদণ্ডে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন থেকে নির্গত কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, নাইট্রোজেন অক্সাইড এবং সূক্ষ্ম কণা বা পার্টিকুলেট ম্যাটারের জন্য ভিন্ন ভিন্ন নির্গমন সীমাও নির্ধারণ করা হয়েছে।

এদিকে নতুন নিয়মে এন২ ক্যাটাগরির কিছু গাড়ির জন্য থাকছে বিশেষ সুবিধা। ৩.৫ থেকে ৫ টন পর্যন্ত মোট ওজনের গাড়িগুলি এন১ শ্রেণির নির্গমন মানদণ্ডের ভিত্তিতে সার্টিফিকেশন দিতে পারবে। তবে সেক্ষেত্রে আবার এন১ শ্রেণির সমস্ত শর্ত পূরণ করতে হবে। এছাড়া দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার স্থায়িত্ব পরীক্ষার জন্য সংস্থাগুলিকে ১.৭ লক্ষ কিলোমিটারের এজিং টেস্ট অথবা বেঞ্চ এজিং ডিউরেবিলিটি টেস্টের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগও থাকবে। এছাড়া নতুন নিয়মে জ্বালানি সংক্রান্ত মানদণ্ড আপডেট করা হয়েছে। হাইব্রিড গাড়িসহ পেট্রোল চালিত সমস্ত মনো-ফুয়েল, ফুয়েল এবং পজিটিভ ইগনিশন ইঞ্জিনযুক্ত ফুয়েল গাড়িগুলিকে ই২০ জ্বালানির উপযোগী হিসেবেই সার্টিফাই করতে হবে।

আরও পড়ুন: দীপক ব্যাপারীর গ্রেফতারকে চ্যালেঞ্জ, তাঁর স্ত্রীর করা আবেদন নিষ্পত্তি করল হাইকোর্ট

এদিকে সিএনজি গাড়ির ক্ষেত্রেও নতুন রেফারেন্স ফুয়েল মানদণ্ড ঠিক করা হয়েছে। ৩৫০০ কেজি পর্যন্ত ওজনের গাড়ি এবং দুই বা তিন চাকার যানবাহনের জন্য ই২০ জ্বালানি রাখা হচ্ছে। তবে এর চেয়ে বেশি ওজনের গাড়ির জন্য জি৪ বা জি২২ থেকে রেফারেন্স ফুয়েল দিয়ে পরীক্ষা করা জরুরি। তাছাড়া সিএনজি এবং এইচসিএনজি গাড়িগুলিকে এআইএস ০২৪ এবং এআইএস ০২৮-র সংশোধিত সুরক্ষা মানদণ্ড মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। নতুন এই নিয়মগুলির ফলে গাড়ি নির্মাতা সংস্থাগুলিকে তাদের ইঞ্জিন, জ্বালানির ব্যবস্থা এবং দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তিকে নতুন মানদণ্ড অনুযায়ী তৈরি করতে হবে বলেই ভারত সরকার অফিশিয়াল ভাবে জানিয়েছে।

google button