৪৯ বছর পর নতুন করে তৈরি হবে শ্যামপুরের রাস্তা, বিধায়ক হিরণের উদ্যোগে খুশি স্থানীয়রা

Published:

Shyampur

সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান। দীর্ঘ ৪৯ বছর পর শ্যামপুরের (Shyampur) খারবেড়িয়া অঞ্চলে একটি নতুন রাস্তা নির্মিত হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদন ও উদ্যোগে এই কাজ শুরু হয়েছে বলে জানালেন শ্যামপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (MLA Hiraan Chatterjee)। তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন।

৪৯ বছর পর নতুন করে শ্যামপুরে তৈরি হবে রাস্তা

হিরণ লিখেছেন, ‘স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় ৪৯ বছরের পর এই সড়কটি পুনর্নির্মাণের জন্য তৈরি করা হয়েছে। মানুষের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণের এই উদ্যোগের জন্য আমি সত্যিই ধন্য। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে এই সড়কের নির্মাণ অনুমোদনের জন্য আমার আন্তরিক ধন্যবাদ। এছাড়াও সবাইকে ধন্যবাদ, যাঁদের সহযোগিতা এবং প্রচেষ্টার মাধ্যমেই এই প্রকল্প সম্ভব হচ্ছে।’

উপকৃত হবেন বহু মানুষ

তিনি আরও লেখেন, ‘আমাদের কেবল একটি লক্ষ্য—শ্যামপুরের উন্নয়ন এবং মানুষের জীবনের মানোন্নয়ন। এই উন্নয়নের যাত্রা চলতেই থাকবে।’ একটি উন্নত রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। রাস্তাটি নতুন করে তৈরি হলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। পাশাপাশি, পড়ুয়া, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার প্রবীণ নাগরিক—সকলেই উপকৃত হবেন।

আরও পড়ুন: মোমোর দোকানের আড়ালে ২০ হাজার টাকার বিনিময়ে তৈরি হচ্ছে আধার কার্ড, চাঞ্চল্য দুর্গাপুরে

উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যায়। সম্প্রতি শ্যামপুর ২ ব্লকের সীতাপুর-ধূমদা রাস্তা সংস্কার হয়েছে। এর ফলে খুশি স্কুল পড়ুয়ারা থেকে সাধারণ পথ চলতি মানুষ। দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে শ্যামপুরের বিধায়ক ডঃ হিরণ্ময় চট্টোপাধ্যায়ের তৎপরতায়।

google button