ব্যবসা শুরু করতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প কেন্দ্রের

Published:

MSME Business Loan

আনিষা চৌধুরী, কলকাতা: কেন্দ্রীয় সরকার দেশের যুবক-যুবতীদের বেকারত্বের কবল থেকে মুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কখনও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, আবার কখনও নিজের কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পুঁজির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বিশেষ করে যাঁরা আর্থিক অভাবের কারণে নিজেদের ব্যবসা শুরু করতে পারছেন না, তাঁদের কথা মাথায় রেখেই একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র। তেমনই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল প্রাইম মিনিস্টারস এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (Prime Minister’s Employment Generation Programme)। এই প্রকল্পে নতুন ক্ষুদ্র ব্যবসা গড়ে তোলার জন্য ব্যাংকের মাধ্যমে ঋণ (Business Loan) এবং তার সঙ্গে সরকারি ভর্তুকি পাওয়ার সুযোগ রয়েছে।

এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

নিয়ম অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সি যে কোনও ভারতীয় নাগরিক নতুন ব্যবসা গড়ে তোলার জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে আয়ের কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। তবে উৎপাদনের ক্ষেত্রে খরচ ১০ লক্ষ টাকার বেশি এবং পরিষেবা ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বেশি হলে আবেদনকারীকে অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র নতুন ব্যবসা বা উদ্যোগের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য। আগে থেকেই চালু থাকা ব্যবসা কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের অধীনে ভর্তুকি পাওয়া প্রতিষ্ঠান সাধারণত এই সুবিধার জন্য যোগ্য নয়। এছাড়া একই পরিবারের (স্বামী-স্ত্রী) মধ্যে একজনই নতুন ইউনিট স্থাপনের জন্য এই আর্থিক সহায়তা পেতে পারেন।

কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে

উৎপাদনমূলক ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ প্রকল্প ব্যয়ের সীমা ৫০ লক্ষ টাকা এবং পরিষেবা বা ব্যবসায়িক ক্ষেত্রে ২০ লক্ষ টাকা। তবে পুরো অর্থ সরকার দেয় না। আবেদনকারীকে সাধারণ শ্রেণির ক্ষেত্রে প্রকল্প ব্যয়ের ১০ শতাংশ এবং বিশেষ শ্রেণির ক্ষেত্রে ৫ শতাংশ নিজস্ব পুঁজি হিসেবে দিতে হয়। বাকি অর্থ ব্যাংক ঋণ হিসেবে দিতে পারে। এর পাশাপাশি প্রকল্পের অবস্থান ও আবেদনকারীর শ্রেণি অনুযায়ী ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকি পাওয়া যায়। সাধারণ শ্রেণির ক্ষেত্রে শহরাঞ্চলে ১৫ শতাংশ এবং গ্রামাঞ্চলে ২৫ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। অন্যদিকে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু, মহিলা, বিশেষভাবে সক্ষম-সহ নির্দিষ্ট বিশেষ শ্রেণির আবেদনকারীরা শহরাঞ্চলে ২৫ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। ঋণের উপর ব্যাংকের নির্ধারিত সাধারণ সুদের হার প্রযোজ্য এবং পরিশোধের মেয়াদ সাধারণত ৩ থেকে ৭ বছর। উল্লেখ্য, জমি কেনার খরচ প্রকল্প ব্যয়ের মধ্যে ধরা হয় না।

এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা নিজেদের পছন্দ ও দক্ষতা অনুযায়ী নতুন ক্ষুদ্র শিল্প কিংবা পরিষেবাভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে পারবেন। যেমন উৎপাদনমূলক ইউনিট, খাদ্য প্রক্রিয়াকরণ, বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্প বা অনুমোদিত পরিষেবাভিত্তিক ব্যবসা শুরু করার পরিকল্পনা করা যেতে পারে। এক্ষেত্রে ব্যাংক থেকে পাওয়া ঋণের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রপাতি, পরিকাঠামো এবং ব্যবসার প্রাথমিক খরচ মেটানো সম্ভব। সরকারি ভর্তুকি সরাসরি হাতে দেওয়া হয় না, নির্দিষ্ট নিয়ম ও লক-ইন পর্বের পর যাচাই সাপেক্ষে তা ঋণ অ্যাকাউন্টে সমন্বয় করা হয়। ফলে নিজস্ব ব্যবসা শুরু করার পাশাপাশি ধীরে ধীরে কর্মসংস্থান তৈরির সুযোগও পাওয়া যেতে পারে।

এই প্রকল্পের সুবিধা পেতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য কেন্দ্রীয় সরকারের পিএমইজিপি-র সরকারি পোর্টালে যেতে হবে। সেখানে নতুন ব্যবসা বা ইউনিট স্থাপনের জন্য নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময় সাধারণত প্রয়োজন হবে আধার কার্ড, ছবি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত বা বিশেষ শ্রেণির শংসাপত্র এবং বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট।

আবেদন করার পদ্ধতি

১. প্রথমে সরকারি পোর্টালে গিয়ে নতুন ইউনিটের আবেদনপত্র নির্বাচন করতে হবে।
২. নিজের ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রস্তাবিত ব্যবসার বিবরণ দিতে হবে।
৩. প্রয়োজনীয় নথিপত্র ও বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট আপলোড করতে হবে।
৪. আবেদন জমা দিয়ে পাওয়া অ্যাপ্লিকেশন আইডি সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে আবেদনের অগ্রগতি জানা যাবে।
৫. এরপর সংশ্লিষ্ট সরকারি বাস্তবায়নকারী সংস্থা আবেদন যাচাই করে ব্যাংকে পাঠাবে। ব্যাংক ব্যবসার পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে ঋণ মঞ্জুর বা বাতিলের সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: দীপক ব্যাপারীর গ্রেফতারকে চ্যালেঞ্জ, তাঁর স্ত্রীর করা আবেদন নিষ্পত্তি করল হাইকোর্ট

আর দেরি না করে যাঁরা নিজের ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে চান, তাঁরা প্রকল্পের যোগ্যতা ও শর্তাবলি ভালোভাবে যাচাই করে আবেদন করতে পারেন। সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে সরকারি ভর্তুকির এই সুযোগ নতুন করে পথ চলার সহায়ক হতে পারে। তাই সুযোগের সদ্ব্যবহার করুন এবং নিজের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এগিয়ে আসুন।

google button