আনিষা চৌধুরী, কলকাতা: ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনের উহান থেকে প্রথম করোনাভাইরাস (Coronavirus disease) সংক্রমণের খবর সামনে আসে। পরবর্তী সময়ে গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ২০২০ সালের ১১ মার্চ কোভিড-১৯-কে অতিমারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই অতিমারিতে বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ আক্রান্ত হন। WHO-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সরকারি নথিভুক্ত সংখ্যা প্রায় ৭৭ কোটি ৯৫ লক্ষ এবং মৃতের সংখ্যা ৭১ লক্ষেরও বেশি। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার একটি ভ্যারিয়েন্ট। যার নাম PJ.2.1। ২০২৬ সালের মে মাসে কানাডায় প্রথম এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়।
নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
গবেষকদের মতে, PJ.2.1 হল SARS-CoV-2 ভাইরাসের একটি নতুন লিনিয়েজ বা বংশধারা। একে ‘Saltation Variant’ বলা হচ্ছে। সাধারণত ভাইরাসের জিনগত পরিবর্তন ধীরে ধীরে ঘটলেও এই ধরনের ভ্যারিয়েন্টে একসঙ্গে অনেকগুলি জিনগত পরিবর্তন দেখা যায়। গবেষণায় জানা গিয়েছে, এটি MC.10.1.7 নামের একটি ভ্যারিয়েন্ট থেকে এসেছে, যা JN.1 বংশধারার অন্তর্গত। এর স্পাইক প্রোটিনে বেশ কিছু পরিবর্তন হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, মানুষের কোষে প্রবেশের জন্য প্রয়োজনীয় ACE2 রিসেপ্টরের সঙ্গে এটি তুলনামূলকভাবে বেশি কার্যকরভাবে যুক্ত হতে পারে।
কী কী উপসর্গ দেখা দিতে পারে এই ভ্যারিয়েন্টে?
এখনও পর্যন্ত PJ.2.1-এর জন্য আলাদা কোনও নির্দিষ্ট উপসর্গ চিহ্নিত হয়নি। সাধারণ কোভিড সংক্রমণের মতোই জ্বর, গলাব্যথা, কাশি, নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে শ্বাসকষ্ট, হজমের সমস্যা কিংবা স্বাদ ও গন্ধের অনুভূতিতেও পরিবর্তন আসতে পারে। WHO-র মতে, কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার উপসর্গের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। তাই শুধুমাত্র উপসর্গ দেখে কোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। সংক্রমণ শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় COVID-19 পরীক্ষা, যেমন RT-PCR বা অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। আর ভাইরাসটির নির্দিষ্ট বংশধারা শনাক্ত করতে জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োজন হয়।
এই নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটা কার্যকর আগের ভ্যাকসিন?
এখনও পর্যন্ত PJ.2.1-এর জন্য আলাদা কোনও নতুন টিকার আবিষ্কার করা হয়নি। তবে গবেষণায় কিছুটা আশার আলো দেখা গিয়েছে। LP.8.1 ভ্যারিয়েন্টের ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেটি পরীক্ষাগারে PJ.2.1-কে নিষ্ক্রিয় করতে পেরেছে। যদিও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডির কার্যকারিতা LP.8.1-এর তুলনায় কিছুটা কম ছিল। তবে বাস্তবে এই টিকা কতটা সংক্রমণ আটকাতে পারবে, পরীক্ষাগারের ফলাফল থেকে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি এই ভ্যারিয়েন্টে বাড়ছে, এমন প্রমাণও এখনও পাওয়া যায়নি। বয়স্ক এবং অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা ব্যক্তিদের টিকাকরণ সংক্রান্ত বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরও পড়ুন: কাশ্মীরে CRPF-র উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৩ জওয়ান
কানাডায় প্রথম শনাক্ত হওয়ার পর আমেরিকার একাধিক প্রদেশে PJ.2.1-এর সন্ধান মিলেছে। পাশাপাশি সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইজরায়েল, ফ্রান্স এবং স্পেনেও এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। স্পেনের একাধিক অঞ্চলে স্থানীয় সংক্রমণের ধারাও নজরে এসেছে। তবে ভারতে এখনও পর্যন্ত এই নির্দিষ্ট ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ভিড়ভাট্টা ও বদ্ধ জায়গায় মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা, অসুস্থ হলে অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শ্বাসকষ্ট, জ্বর বা অন্যান্য উপসর্গ বাড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে বয়স্ক, ডায়াবেটিস, হৃদরোগ বা ফুসফুসের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।










