রাঁচির ভিডিও দেখিয়ে কলকাতার বলে চালাচ্ছিল বামেরা, জানুন আসল সত্যি

Published:

Viral Video

সৌভিক মুখার্জী, কলকাতা: গত শুক্রবার কলকাতায় বাম ছাত্র সংগঠন এসএফআই-র করা আন্দোলনে সাংবাদিক থেকে পুলিশ, আহত হয়েছেন সবাই। এমনকি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের গুন্ডা দমন আইনে শাস্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তার মধ্যেই বাম সমর্থকরা একটি ভিডিও (Viral Video) পোস্ট করে দাবি করছে, “কলকাতার মৌলালিতে বিজেপির গুন্ডারা পুলিশের গাড়ি এবং দমকল বাহিনীর গাড়ির উপর উঠে ইট ও পাথর ছুঁড়ছে। এই ভিডিও কোনও সংবাদমাধ্যমে দেখানোর ক্ষমতা নেই। বিজেপির সমর্থক বলে এরা পার পেয়ে যাচ্ছে।” কিন্তু আদৌ এই ভিডিওর সত্যতা জানেন?

ভিডিও পোস্ট করে সংবাদমাধ্যমকে তোপ বাম সমর্থকদের

এই ভিডিওটি পোস্ট করে বাম নেত্রী মধুজা সেনরয় লেখেন, “আজ এসএফআই সহ বাম ছাত্র আন্দোলনের নেতারা প্রেস কনফারেন্স করে এই ভিডিও দেখানোর আগে আপনি কি কোনও মিডিয়াতে এই ভিডিওটি দেখেছেন? আমি দেখিনি। আমার একটাই প্রশ্ন, মিছিল কভার করতে আসা সাংবাদিক বন্ধুরা সত্যিই কি এই দৃশ্যটা দেখেনি? নাকি তারা দৃশ্যটি দেখে হাউসে পাঠালেও সেটি সম্প্রচার করা হয়নি? আমি বিশ্বাস করি, অধিকাংশ দ্বিতীয় দলে পড়েন। হ্যালো কর্পোরেট মিডিয়া, আপনাদের এক্সক্লুসিভগুলি বড্ড একপেশে হয়ে যাচ্ছে। ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, এগুলি নিয়ে কেন আপনারা প্রতিবেদন করতে পারলেন না?”

এমনকি বামফ্রন্টের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সংবাদমাধ্যমকে ওই ভিডিও দেখিয়ে বলেন, “মৌলালি যুবকেন্দ্রের বাইরে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, তখন বিজেপির কতগুলি গুন্ডা একটি পুলিশের গাড়ির উপর দাঁড়িয়ে ঢিল এবং টমেটো ছুঁড়ছিল। আমার প্রশ্ন হচ্ছে, যারা এই মিছিলের মধ্যে আসলে উস্কানি দিল এবং সাংবাদিকদের উপর হামলা করল তারা বিজেপি বলে ছাড় পেয়ে যাবে? যারা বিচার দেবেন এবং তদন্ত করবেন বলে বসে রয়েছেন, আসলে তারা একপেশে। আপনাদের যদি সাহস থাকে, তাহলে এই ভিডিও মিডিয়াতে তুলে ধরুন।”

আরও পড়ুন: বদলে গেল সিঙ্গুর তাপসী মালিক কৃষি বাজারের নাম, কী রাখা হল?

জানুন ওই ভিডিওর আসল সত্যতা

আসলে বামেদের এই দাবির পর ফ্যাক্ট চেক করে জানা গেল, তারা যে ভিডিও মৌলালির বলে দাবি করছে, আসলে সেটি ঝাড়খণ্ডের রাঁচির একটি ভিডিও। সেটিকে দেখিয়েই বাম সমর্থকরা কলকাতার মিছিল বলে উল্লেখ করছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, ঝাড়খণ্ডের জনপ্রিয় মিডিয়া হাউস প্রভাত ভাস্করের ইউটিউব চ্যানেল থেকেই এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে। ওই রাজ্যে কোনও একটি আন্দোলনে আন্দোলনকারীরা দমকল বাহিনীর গাড়ির উপর উঠে এরকম পাথর ছুঁড়ছিল। এমনকি পুরো ভিডিওটি ওই মিডিয়া হাউসের ইউটিউব চ্যানেলেও রয়েছে। সুতরাং, সিপিআইএম সমর্থকরা যে ভিডিও নিয়ে এত চ্যালেঞ্জ করছিল, আদতে সেটি কলকাতারই নয়। এমনকি সবথেকে বড় ব্যাপার, ওই আন্দোলনের ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে, যে সেটি মৌলালির কোনও জায়গা নয়। কিন্তু তাও অযথা সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জ করছিল বাম ছাত্র সংগঠন!