প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ভোট (West Bengal Election 2026) ঘোষণার আগে থেকেই SIR নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের (Election Commission Of India) মধ্যে বিবাদ হয়েই চলেছে। শুধু তাই নয় কমিশনের সঙ্গে বিজেপির মধ্যস্থতা নিয়ে বারংবার অভিযোগ তুলে আসছে শাসকদল। তবে এ বার সেই উত্তেজনার পারদ আরও কয়েকগুণ চড়িয়ে দিল তৃণমূল। দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর হোয়াট্সঅ্যাপ-নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করল তৃণমূল। জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) গাড়িতেও নাকি তল্লাশি চালানোর কথা বলা হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি!
ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে উত্তেজনার পারদ চড়ছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলীয় সকল নেতামন্ত্রীর গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলল তৃণমূল। বাদ দেওয়া হয়নি অভিষেক পত্নী রুজিরাকেও। মঙ্গলবার, হোয়াট্সঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূল এমনই অভিযোগ করেছিল। স্ক্রিনশট অনুযায়ী, কমিশন নাকি পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকদের নির্দেশে বলা হয়েছে, মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি করা হচ্ছে। তাই নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট-২, ডায়মন্ড হারবার-১ ও ২ ব্লক, ফলতা এবং লালবাগে যে সব রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে, সেখানে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিষেকপত্নীকে নিয়েও নির্দেশ কমিশনের
তল্লাশি তদন্তের মাঝে নাম উঠে আসছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কমিশনের সন্দেহ হচ্ছে যে অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণে অভিষেক, তাঁর স্ত্রী-সহ তৃণমূলের সকলের গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, তৃণমূলের প্রচার সংক্রান্ত যাবতীয় জনসংযোগমূলক কর্মসূচিকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। কিন্তু এসবের মাঝে অভিষেককে নিয়ে সন্দেহ বাড়ছে। তাঁর প্রধান কারণ হল নামের বানানে গণ্ডগোল।
আরও পড়ুন: পিছল DA মামলার শুনানি, পরবর্তী তারিখ দিল সুপ্রিম কোর্ট
আসলে তৃণমূল কংগ্রেস গতকাল যে স্ক্রিনশট প্রকাশ করেছে, তাতে অভিষেকের নাম ইংরেজিতে দুরকম লেখা রয়েছে। তার সঙ্গে কোনও পদবির উল্লেখ নেই। অর্থাৎ, ওই স্ক্রিনশটে যে অভিষেকের উল্লেখ রয়েছে, তা আদেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না, তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। এমনকি, তাঁর স্ত্রীর কথা বলা হলেও নাম উল্লেখ করা হয়নি। আর তাতেই সন্দেহ বাড়ছে।










