বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) বড় বৈচিত্র্যময়। টুর্নামেন্ট দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে, এদিকে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়নদের অবস্থান এখন পয়েন্ট তালিকার তলানিতে। একই অবস্থা না হলেও খুব একটা ভাল নেই পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসও। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে বলাই যায় IPL এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী তিন দলই এখন পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে।
IPL এর সবচেয়ে শক্তিশালী তিন দলের অবস্থা বেহাল
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকেই ব্যর্থতা একেবারে আষ্টেপৃষ্ঠে বেঁধে নিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। পাঞ্জাবের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় 1 পয়েন্ট পেলেও বাকি কোনও ম্যাচেই আজ পর্যন্ত জিততে পারেনি কলকাতা। ফলে তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার 10 নম্বরে। 5 ম্যাচের চারটিতে পরাজয় এবং একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে এই মুহূর্তে 1 পয়েন্টে দাঁড়িয়ে কলকাতা।
তালিকার পেছনের দিক থেকে কলকাতার উপরে 9 নম্বরে নাম আসে মুম্বই ইন্ডিয়ান্সের। 5 ম্যাচের চারটিতে হার এবং একটিতে জয় নিয়ে 2 পয়েন্টে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। বলা যেতে পারে তাদের অবস্থা একেবারে শোচনীয়। মুম্বইয়ের ঠিক উপরেই অর্থাৎ 8 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম দিকে লাগাতার হারের পর শেষ দুই ম্যাচে জিতেছে চেন্নাই। সেই সূত্রেই তাদের পয়েন্ট এখন চার।
অবশ্যই পড়ুন: “ভারতীয় ক্রিকেটের নতুন মুখ বৈভব সূর্যবংশী”, বলে দিলেন লোলিত মোদিও
বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারের মরসুম বাদ দিয়ে আজ পর্যন্ত 18টি সিজন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 13টি সিজনের ট্রফি রয়েছে কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ের দখলে। এ থেকেই বোঝা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই তিন দলের শক্তি কতখানি। কিন্তু তা হলেও বর্তমানে এই তিন জনপ্রিয় দলের করুণ অবস্থা দেখে দেদার ট্রোল করছেন নেট নাগরিকরা। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট মুহূর্তের খেলা। আচমকা খেলা ঘুরে যাবে না এবং এই তিন দল পয়েন্ট তালিকার নিচে থেকে উপরে উঠবে না এমনটা কে বলতে পারে। যদিও এর জন্য বেশ কাঠ-খর পোড়াতে হবে এই ত্রিশক্তিকে।










