বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের মঞ্চে দুটোই দুর্ধর্ষ দল। দীর্ঘ 60 বছর পেরিয়ে অবশেষে মুখোমুখি (Argentina Vs Spain) হতে চলেছে তারা। তাও আবার ফাইনালে (FIFA World Cup Final)। তবে সেই ম্যাচের আগে স্পেনের সমর্থকদের চিন্তা বাড়িয়েছেন 19 বছর বয়সী দাপুটে ফুটবলার লামিন ইয়ামাল। জানা যাচ্ছে, বৃহস্পতিবার নিউ জার্সিতে স্পেন দল একসাথে অনুশীলন করলেও আলাদাভাবে অনুশীলন করতে দেখা গিয়েছে ইয়ামাল এবং পেদ্রো পোরোকে। আর তারপরেই জল্পনা বেড়েছে তাহলে কি চোটের কারণে আলাদাভাবে অনুশীলন করলেন ইয়ামাল? আর্জেন্টিনার ম্যাচে আদৌ খেলতে পারবেন তো?
আর্জেন্টিনার ম্যাচে খেলতে পারবেন ইয়ামাল?
জানা যাচ্ছে, নিউ জার্সিতে স্পেন দল যখন ফাইনালের অনুশীলন করেছিল সেই সময় দলের বাকিরা একসাথে ঘাম ঝরালেও একেবারে আলাদাভাবে অনুশীলন করলেন ইয়ামাল এবং পেদ্রো। আর সেই খবর ছড়িয়ে পড়তেই স্পেনের ভক্তদের একটা বড় অংশের আশঙ্কা বোধহয় চোট পেয়েছেন 19 বছরের ফুটবলার! হয়তো সে কারণেই আলাদা করে অনুশীলন করছেন তিনি! তাহলে কি আর্জেন্টিনার ম্যাচে খেলা হবে না ইয়ামালের?
সংবাদ সংস্থা রয়টার্স অবশ্য এইসব আশঙ্কা একেবারে নস্যাৎ করে দিয়েছে। তারা জানিয়েছে, দুজনের একজনেরও চোট নেই। কিছু বিশেষ কারণে তাঁরা আলাদাভাবে অনুশীলন করেছেন। পরবর্তীতে, স্পেন ফুটবল দলের এক কর্তা জানান, ইয়ামাল এবং পেদ্রোর আলাদা অনুশীলনের কারণ চোট নয়। শারীরিক ধকলের কারণেই তাঁদের আলাদা অনুশীলন করতে হয়েছে। এই দুজনকেই আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে পাওয়া যাবে। এ নিয়ে ভক্তদের কোনও চিন্তা করতে হবে না।
অবশ্যই পড়ুন: ফাইনালে স্পেনের বিরুদ্ধে এক ডজন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মেসির, রইল তালিকা
উল্লেখ্য, গত ম্যাচে অর্থাৎ সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দাপিয়ে খেলেছেন স্পেনের ছেলেরা। প্রতিপক্ষ দলটাকে একপ্রকার বোতলবন্দি করে রেখে দিয়েছিল স্পেন। এদিন ইয়ামালের পায়ে গোল এলেও সেটিকে অফসাইড ঘোষণা করে দেন রেফারি। তবে আসন্ন ফাইনালে মেসিদের বিরুদ্ধে গোল করার খিদে নিয়ে নামবেন ইয়ামাল।










