বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়সে বড় হলেই, ফুটবলে বড় হওয়া যায় না! কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগানের (Mohun Bagan) মুখোমুখি হয়ে সোমবার সেটা বুঝিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) ছোটরা। প্রমাণ করেছেন, তাঁরা প্রতিপক্ষকে এক চুল জায়গা ছাড়তেও রাজি নন। ম্যাচ 1-1 ড্র হলেও দুর্ধর্ষ ফুটবল দেখিয়ে মোহনবাগানের মতো বড় পাহাড়কে আটকে ইস্টবেঙ্গল ভক্তদের হৃদয়ের জায়গা করে নিয়েছেন লাল হলুদ ফুটবলারেরা। বিশেষ করে, ইস্টবেঙ্গলের প্রথম একাদশে জায়গা না পেয়েও দলের হয়ে গোটা ম্যাচের একমাত্র গোল করে নিজের জাত চিনিয়েছেন মহম্মদ বিলাল। সেটাও প্রশংসারযোগ্য। তবে গতকাল, ম্যাচ শেষের পর লাল হলুদের ঘরোয়া লিগের কোচ বললেন অন্য কথা।
ইস্টবেঙ্গল কোচ কী জানালেন?
সাহল আব্দুল সামাদ থেকে শুরু করে মণবীর সিংয়ের মতো জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের মাঠে নামিয়েও ইস্টবেঙ্গলের ছুটন্ত ঘোড়াকে আটকাতে পারেনি মোহনবাগান। জিততে না পারলেও বাগানের সাফল্যের রথ রুখে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। আর সেই ম্যাচের পরই ইস্টবেঙ্গলের কোচ অর্চিস্মান বিশ্বাস খুব একটা উচ্ছ্বাস প্রকাশ না করলেও বারাসাতের ডার্বি নিয়ে বেশ কিছু মন্তব্য করলেন।
লাল হলুদের কোচের কথায়, “ইস্টবেঙ্গলের ছেলেরা দারুণ পারফর্ম করেছে। ওদের আমি আগেই বলেছিলাম হারানোর কিছু নেই। শুধুমাত্র নিজেদের সেরাটা দাও। মনে মনে খুব চেয়েছিলাম ডার্বিতে এই ছেলেগুলো খেলুক। সিনিয়র দলের কেউ যেন না আসে। ওরা যদি ডার্বিতে সুযোগ না পেত তাহলে খুবই খারাপ লাগতো। এক কথায় বলাই যায়, মোহনবাগান বড়দের নিয়ে নামলেও ইস্টবেঙ্গল যে সিনিয়র দলের প্লেয়ারদের মাঠে নামাতে চাইছে না, সেটা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ৭ রানে ৬ উইকেট, ক্রিকেটে নতুন রত্ন খুঁজে পেল পাকিস্তান
উল্লেখ্য, বারাসাতের ডার্বিতে মোহনবাগানকে রুখে দিয়েছে ইস্টবেঙ্গলের ছোটদের দল। তাতে না জিতেও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে, লাল হলুদ ভক্তদের। সোমবার, খেলা দেখে ফিরে যাওয়ার সময় বারাসাত স্টেশনে মোহনবাগানকে খোঁচা মেরে নানান স্লোগান দিতে দেখা গেছে ইস্টবেঙ্গল বলতে পাগল ভক্তদের। উঠে এসেছে কিছু অস্বস্তিকর দৃশ্যও!










