টানা দুই ম্যাচে জয়, বেঙ্গালুরুকে হারালে পয়েন্ট টেবিলের কোথায় যাবে ইস্টবেঙ্গল ..?

Published:

Updated:

East Bengal FC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসিকে কার্যত গুঁড়িয়ে দিয়ে এসেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই সূত্রেই পয়েন্ট তালিকায় বেশ ভাল জায়গায় লাল হলুদ। বৃহস্পতিবারের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ঘরের মাঠে পরাস্ত করতে পারলে তালিকায় দ্বিতীয় স্থান দখল করবে মশাল ব্রিগেড। এখানেই শেষ নয়, সেকেন্ড বয় হয়ে পয়েন্ট তালিকার মগডালে থাকা মুম্বইকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দল। তাই আজকের ম্যাচে জয় পাওয়াটাই লক্ষ্য ইস্টবেঙ্গলের।

বেঙ্গালুরুকে সমীহ করে চলছেন লাল হলুদ কোচ

গতকাল অর্থাৎ নববর্ষের দিন বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের কয়েক দফা ঝালিয়ে নিয়েছেন ইস্টবেঙ্গলের ছেলেরা। এদিন লাল হলুদের অনুশীলনী ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল বৃহস্পতিবারের ম্যাচের জন্য তারা পুরোপুরি তৈরি। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান কোচ অস্কার জানালেন, “ইস্টবেঙ্গল এমন একটা দল, যারা এবছর কম গোল খেয়েছে এবং দিয়েছে বেশি। রক্ষণভাগের ফুটবলারদের চোট থাকা সত্ত্বেও তিন ম্যাচে গোল খাইনি আমরা। শেষ দুটো ম্যাচে 10 গোল করেছি। এবার লড়তে হবে বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। ওরা শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরেছে। তবে দলে নতুন কোচ আছে এখন। তাই বাড়তি উদ্যাম থাকবেই।”

এদিন লাল হলুদ কোচ বললেন, “বেঙ্গালুরুকে হারিয়ে একটানা তিনটি ম্যাচ জেতার সুযোগ রয়েছে আমাদের। জিততে পারলে খুব ভাল। তবে এক পয়েন্ট পেলেও মাথায় আকাশ ভাঙবে না। এই ম্যাচে ভাল করে পরের ম্যাচে ওড়িশাকেও হারাতে চাই। দলের প্রত্যেককে মাথা ঠান্ডা করে এগোতে হবে। আপাতত বেঙ্গালুরুর ম্যাচে মনোযোগ দিতে চাইছি।”

অবশ্যই পড়ুন: গাড়ি তল্লাশির অভিযোগ তুলেছিলেন মমতা, পাল্টা জবাব দিলেন CEO মনোজ আগরওয়াল

প্রসঙ্গত, প্রতিপক্ষ বেঙ্গালুরুর কাছে সুনীল ছেত্রীর মতো শক্তিশালী অস্ত্র রয়েছে। সেটা জেনে অবশ্য বিশেষ চিন্তিত নন ইস্টবেঙ্গল কোচ। লাল হলুদের হেড স্যারের কথায়, “আমাদের দলে মিগুয়েল, সউলরা রয়েছে। নিজের দলের ছেলেদের উপর আমার আঘাত ভরসা। সুনীল ছেত্রী নিঃসন্দেহে বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে গত ম্যাচে কিছুই করতে পারেনি। পেনাল্টি বক্সের মধ্যে হঠাৎ বিশেষ অঙ্গভঙ্গি করে পড়ে গিয়ে রেফারির কাছ থেকে যেভাবে পেনাল্টি আদায় করেছিল সেটা আমায় অবাক করেছে।” সবমিলিয়ে বলাই যায়, বেঙ্গালুরুকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ।