“বিচার করতে যাবেন না..”, KKR-র দুরবস্থার মধ্যেও বড় কথা বললেন ফিন অ্যালেন

Published:

Finn Allen

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগে পর্যন্তও চেন্নাই সুপার কিংস ছিল লাস্ট বয়। তবে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে তলানিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়ন দলটা চলতি টুর্নামেন্টে আজ পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। পাঞ্জাবের ম্যাচে বৃষ্টি হওয়ায় এক পয়েন্ট তুললেও বাকি ম্যাচগুলিতে ডাহা ফেল করেছে শাহরুখ খানের দল। তা সত্ত্বেও নাইট তারকা ফিন অ্যালেন বলছেন, ধৈর্য ধরতে (Finn Allen On KKR)। দু একটা ম্যাচ দেখে এখনই কেউ যেন তাঁদের বিচার না করেন।

KKR এর দুরবস্থার মধ্যেও বড় কথা অ্যালেনের

আজ অর্থাৎ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরার বড় সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্স বাহিনীর। সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না অজিঙ্কা রাহানেরা। সেই ম্যাচের আগেই কলকাতার দাপুটে ওপেনার তথা কিউই তারকা ফিন অ্যালেন বললেন, “এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে অনেক কিছু হতে পারে। প্রত্যেকটা ম্যাচ থেকে আমরা শিক্ষা নিয়েছি। সবে মাত্র গোটাদুয়েক ম্যাচ হয়েছে। এটুকু দেখেই বিচার করতে যাবেন না। দুটো ম্যাচে ভাল রান পেয়েছি। আরও বেশি রান করতে চেয়েছিলাম। প্রস্তুতি ভালো আছে। আশা করছি বড় রান বেশি দূরে নয়।”

কলকাতার এবারের নবীন ক্রিকেটার অ্যালেন নিজের সতীর্থদের উদ্দেশ্যে একেবারে খোলাখুলি জানান, “রান করার জন্য KKR এর ব্যাটসম্যানদের ক্রিজে বেশি সময় দিতে হবে। যদিও ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে আমরা খুব একটা বেশি সুবিধা পাইনি। যখন আমাদের সমস্ত ব্যাটসম্যান সেরা ফর্মে রয়েছে এবং আমরা যথেষ্ট দ্রুত গতিতে রান করতে পারছি, তখন মূল বিষয় হয়ে দাঁড়ায় নিজেকে গুছিয়ে নেওয়ার। ভারসাম্য খুঁজে বের করার। আমার মনে হয় আমরা সম্ভবত কলকাতার আবহাওয়াটা পাইনি। উইকেটটা যত ভাল চেয়েছিলাম ততটা পাটা পিচ ছিল না। তবে কীভাবে সেই পিচেও রান তোলা যায় সেটা নিয়ে ভাবতে হবে।”

অবশ্যই পড়ুন: আয়ারল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ায় অভিষেক! সচিনের রেকর্ড ভাঙবেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

প্রসঙ্গত, পাঞ্জাব ম্যাচ থেকে চোটের কারণে ধরে নেই বরুণ চক্রবর্তী। এদিন KKR এর সেই গুরুত্বপূর্ণ স্পিনারকে নিয়েও মুখ খোলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান অ্যালেন। বলেন, ” ও ভালই অনুশীলন করছে। হাতে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও ওকে মাঠে দেখা যাচ্ছে। বল হাতে নিজেকে মেলে ধরতে ও পুরোপুরি প্রস্তুত। মনে হয় ভালই আছে।”