এর আগেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি, ফিরেছিলেন একজনের কথায়!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন (Retirement) আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। সোমবারই, নিজের অবসরের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন তিনি। তাতে মন ভেঙেছে বহু ভক্তের। মেসির অবসরের খবর শোনার পরই নিজেদের মতো করে পছন্দের ফুটবলারকে নিয়ে নানান পোস্ট করছেন তাঁরা। কিন্তু এটাই মেসির প্রথম অবসর ঘোষণা নয়, এর আগেও একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিজের বুট জোড়া তুলে রেখেছিলেন লিও।

আগেও অবসর নিয়েছেন মেসি

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়া মানে আগামী দিনে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তের সংখ্যা যে কমতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না! তবে এর আগে মেসি যখন আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গিয়েছিলেন, সেই সময় আলভারেজদের প্রাক্তন অধিনায়কের জনপ্রিয়তা এতটাও ছিল না। সালটা 2016। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে বাজেভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ওই ফাইনালে চিলির বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টিনার ফুটবলের রাজপুত্র। আর তারপরেই চরম হতাশায় আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেকে সরিয়ে দেন তিনি। ঘোষণা করেন অবসরের। এর আগে অবশ্য 2014 সালের বিশ্বকাপ এবং 2015 কোপা আমেরিকা ফাইনাল হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এক কথায়, পরপর তিন ফাইনালে হার মেনে নিতে না পেরেই শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নেন লিও। যদিও সেই দুঃসময়ে তাঁর পাশে ছিলেন আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন: পাকিস্তানি দলে ভূমিকম্প! বাদ ৭ প্লেয়ার, ছুটি দুই কোচেরও

সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যায়, 2016 সালের কোপা আমেরিকা ফাইনালে হেরে যাওয়ার পর লিওনেল মেসি অবসর নেওয়ায় তাঁকে সব রকম ভাবে বুঝিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুঝিয়েছিলেন ব্যর্থতা দেখে থেমে যেতে নেই। বরং ব্যর্থতাই আবারও ঘুরে দাঁড়িয়ে লড়াই করার সবচেয়ে বড় রসদ। রোনাল্ডো ছাড়াও আর্জেন্টিনার বহু ফুটবলার মেসিকে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার অনুরোধ করেছিলেন। সেই সূত্রেই 2026 সাল পর্যন্ত ফুটবল খেলা চালিয়ে যেতে পেরেছেন মেসি।