বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়েছেন আগেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে পদ্মা দিয়ে জল কম গড়ায়নি। এবার সেই মুস্তাফিজুর পাকিস্তান সুপার লিগেও খেলতে পারবেন না। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিজের NOC বা নো অবজেকশন সার্টিফিকেট প্রত্যাহার করে নিয়েছে। এক কথায় বলা যেতে পারে, পাকিস্তানে যাওয়া হচ্ছে না বাংলাদেশের কাটার মাস্টারের!
কেন এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ?
KKR ছেড়ে দিলে মুস্তাফিজুর রহমানকে কিনতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। PSL এ এই দলের হয়েই খেলছিলেন ফিজ। তবে মাঝে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ থাকার কারণে জাতীয় দায়িত্ব পালনে বাংলাদেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজুরকে। সেখানে প্রথম দুই ম্যাচে অংশ নেওয়ার পরেই চোট পান খেলোয়াড়। আর তারপরই বদলে যায় গোটা পরিস্থিতি। তৃতীয় ম্যাচে ফিরে মুস্তাফিজুর 5 উইকেট নিয়ে দলের জয়ের কারণ হয়ে ওঠার পর সিরিজ শেষ হলেও মুস্তাফিজুর রহমানের NOC প্রত্যাহার করে নেয় বাংলাদেশ বোর্ড।
ওপার বাংলার ক্রিকেট বোর্ডের তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়, মুস্তাফিজুর রহমান আর পাকিস্তান সুপার লিগে ফিরছেন না। এক কথায়, PSL এ খেলা হচ্ছে না বাংলাদেশের কাটার মাস্টারের। এর কারণ প্রসঙ্গে BCB বিবৃতি জারি করে জানিয়েছে, মুস্তাফিজুর রহমানের চোট সমস্যা খতিয়ে দেখা হবে। এর জন্য খেলোয়াড়ের শরীরের স্ক্যান করানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রিহ্যাব করবেন তিনি। তাই ফিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে পাকিস্তানে পাঠানো হচ্ছে না।
অবশ্যই পড়ুন: কলকাতায় হুগলী নদীতে নৌকাবিহার প্রধানমন্ত্রীর, ক্যামেরা হাতে তুললেন একাধিক ছবি
প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমানের পাশাপাশি পাকিস্তান সুপার লিগে আরেকদল পেশোয়ার জালমির হয়ে খেলছিলেন নাহিদ রানা। এই বাংলাদেশী ক্রিকেটারেরও NOC প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য নাহিদকে আর PSL খেলতে পাঠাবে না BCB।










