পারেননি কোনও ভারতীয়, তৃতীয় ওয়ানডেতে একসাথে সেই রেকর্ড গড়বেন রোহিত-বিরাট

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে নানান গুঞ্জন ছড়ালেও ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই গোটা বিষয়টি খোলসা করে দিয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, রোহিতকে বাদ দেওয়ার মতো কোনও আলোচনাই হয়নি। BCCI সচিবের তরফে রোহিতকে নিয়ে মন্তব্য আসতেই আনন্দে গদগদ ভক্তরা। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে (India Vs England) ইতিহাস তৈরি করতে চলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আলাদাভাবে নয় বরং দুজন একসাথেই এমন এক মাইলফলক ছুঁতে চলেছেন, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেউ আজ পর্যন্ত করে দেখাতে পারেনি।

ইতিহাস গড়ার পথে রোহিত-বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ভারতকে। ফলে এই মুহূর্তে সিরিজ 1-1 সমতায়। কাজেই তৃতীয় ওয়ানডে ম্যাচটি হতে চলেছে ভাগ্য নির্ধারণী ম্যাচ। ফলে এই ম্যাচে জেতার আপ্রাণ চেষ্টা করবে ভারত। তবে আরও একটি কারণে তৃতীয় ওয়ানডেটি বিশেষ হতে চলেছে। জানিয়ে রাখা প্রয়োজন, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা এবং বিরাট খেলতে নামার সাথে সাথেই ভারতের প্রথম জুটি হিসেবে একসাথে 400 আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন তাঁরা।

বলাই বাহুল্য, এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেউ বা কোনও জুটি একসাথে 400টি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির রাখতে পারেননি। 400 ম্যাচের নজির না হলেও এর আগে একসাথে 391টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল জুটি সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। তাঁদের রেকর্ড অবশ্য অনেক আগেই ছাপিয়ে গিয়েছেন রোকো।

অবশ্যই পড়ুন: লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন রোহিত শর্মা? অবশেষে জানিয়ে দিল BCCI

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পর জল্পনা বেড়েছিল শেষ ওয়ানডেতে অংশ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা! শোনা গিয়েছিল, রোহিত নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই। আরও শোনা যায়, 2027 বিশ্বকাপে রোহিতকে খেলানোর কোনও পরিকল্পনা করছে না ভারতীয় বোর্ড। যদিও সেইসব দাবি নাকচ করে দিয়েছেন BCCI সচিব।