বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল (Team India)। সেই দলে ছিলেন হিটম্যান রোহিত শর্মাও (Rohit Sharma)। জল্পনা বেড়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত। পরবর্তীতে অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। রোহিতও জানিয়ে দিয়েছিলেন, তিনি এখনই কোথাও যাচ্ছেন না। তবে PTI এর এক রিপোর্ট বলছে, একটা সময় রোহিত শর্মা নিজেও ওয়ানডে থেকে অবসরের জন্য রাজি হয়ে গিয়েছিলেন!
অবসরের জন্য রাজি হয়েছেন রোহিত শর্মা?
রিপোর্ট বলছে, ইংল্যান্ড সিরিজ চলাকালীন ভারতীয় নির্বাচন কমিটির একজন সদস্য নাকি রোহিত শর্মাকে জানিয়েছিলেন, বোর্ডের প্যানেল তাঁকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তিন আর ভারতীয় বোর্ডের পরিকল্পনার অংশ নন। শর্মাকে নাকি প্রশ্নও করা হয়েছিল, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর অবসর নেবেন কিনা। একথা শুনে প্রাথমিকভাবে ক্ষুব্ধ হলেও পরে নাকি নিজেও অবসরের জন্য রাজি হয়ে গিয়েছিলেন রোহিত।
ভারতীয় মহাতারকা রোহিত শর্মার অবসর প্রসঙ্গে নানান জল্পনা বাড়লেও খেলোয়াড়ের ঘনিষ্ট মহল সূত্রে সেই সময় কিছুই জানা যায়নি। তাঁরা প্রত্যেকেই একপ্রকার মুখে কুলুপ এঁটেছিলেন। এ প্রসঙ্গে মুখ খুলতেও দেখা যায়নি ভারতের অন্যান্য ক্রিকেটারদের। যদিও পরবর্তীতে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে রোহিত নিজেই দিয়েছিলেন উত্তরটা। জানিয়ে দিয়েছিলেন, তিনি এখনই ওয়ানডে ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছেন না।
আরও পড়ুন: দু’বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ইমাম-উল-হক, শেষের মুখে রিজওয়ানের কেরিয়ার!
উল্লেখ্য, রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তীব্র হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ বাবু ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, “রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। আমি বলতে চাই, লর্ডসে রোহিত শেষ ওয়ানডে ম্যাচ খেলবেন এমনটা সম্পূর্ণ ভুল। রোহিত শর্মার অবসর নিয়ে কোনও আলোচনাই হয়নি। তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। যতদিন চান রোহিত টিম ইন্ডিয়ায় খেলতে পারেন।”










