বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জিতিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অধিনায়ক হিসেবে বিগত দিনগুলিতে সফলতার শিখরে থাকলেও ব্যাটসম্যান হিসেবে বারবার ব্যর্থ হয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। মূলত সে কারণেই দলকে সাফল্য পাইয়েও অধিনায়কের আসন টলমল সূর্যর। কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, সূর্য যদি আসন্ন সিরিজগুলিতে ব্যাট হাতে রান করতে না পারেন সে ক্ষেত্রে হয়তো অধিনায়কের পদ হারাতে হবে তাঁকে। আর সেটা হলে একজন সাধারণ। প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টি দলে তিনি কতটা নিয়মিত থাকতে পারবেন তা বলা দুষ্কর।
রান না করতে পারলে পদ হারাতে হবে সূর্যকে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাট হাতে বারবার ব্যর্থ হয়েছেন সূর্যকুমার। বিশ্বকাপের মঞ্চে কয়েকটি ম্যাচে রান পেলেও বাকিগুলিতে ডাহা ফেল করেছেন এই ভারতীয় ক্রিকেটার। অনেকেই ভেবেছিলেন, হয়তো বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করবেন সূর্য। তবে সেই ধারণায় একেবারে জল ঢেলে দিয়েছেন স্কাই। আর সে কারণেই ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ব্যাট হাতে রান করতে না পারলে অধিনায়কের পদটাও হারাতে হবে তাঁকে।
বলাই বাহুল্য, এবছর ভারতকে বিশ্বকাপ জিতিয়ে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সকে টার্গেট করেছেন সূর্য। সেকথা সংবাদ মাধ্যমের সামনে নিজেই জানিয়েছেন তিনি। তবে প্রশ্ন থেকে যায়, 2028 সাল পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে তাঁকে দেখতে পাওয়া যাবে তো? 2028 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে গৌতম গম্ভীরের। প্রধান কোচের পছন্দের পাত্র সূর্য। তাঁকে ভরসাও করেন তিনি। তবে কোচের ভরসা দিয়ে তো সব হবে না। ব্যাট হাতে রান করতে না পারলে অধিনায়ক পদ যে থাকবে না সেটা নিজেও বুঝতে পারছেন ভারতীয় ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: ভরা ISL-র মাঝেই বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলে, ছিটকে গেলেন মহেশ
সংবাদ সংস্থা PTI এর একটি সূত্র জানিয়েছে, সূর্যকুমারের ব্যাটিংয়ে বিশেষ নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়কের আসন বাঁচাতে হলে আগামী সিরিজ গুলিতে তাঁকে ব্যাট থেকে রান বের করতেই হবে। অন্যথায় দলে থাকতে থাকতেই অন্য কোনও সতীর্থকে অধিনায়ক হিসেবে দেখতে হতে পারে।










