বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Virat Kohli)। যার ফলে, টপ অর্ডার নিয়ে বিগত দিনগুলিতে বারবার সমস্যায় ভুগেছে বোর্ড। ওপেনিংয়ে শুভমন গিলদের নামালেও তিন নম্বর পজিশনে বিরাট কোহলির জায়গায় কে খেলবেন সেটা ঠিক করা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। যদিও টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে (Team India) 3 নম্বর পজিশনটা আপাতত ধরে নিয়েছেন দেবদূত পাড্ডিকল। তবে ভবিষ্যতে কী হবে সেই উত্তর নেই কারও কাছে! এমতাবস্থায়, রোহিত শর্মা, বিরাট কোহলিদের পর দীর্ঘ মেয়াদে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ হিসেবে তৈরি করা হচ্ছে একজন তরুণ ক্রিকেটারকে। তিনি হলেন শাইখ রশীদ।
রোহিত, বিরাটদের বিকল্প হবেন এই ক্রিকেটার?
যাঁকে ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো বিকল্প হিসেবে দেখা হচ্ছে সেই শাইখ রশিদ ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে নিজের প্রতিভার বিকাশ ঘটাচ্ছেন। সম্প্রতি চোট পাওয়ায় বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি। জানা যাচ্ছে, 21 বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে নিজের আদর্শ মনে করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশিদ নিজেও জানিয়েছেন, রুটের ব্যাটিং দেখতে তাঁর প্রচন্ড ভাল লাগে।
ভারতীয় দলের সম্ভাব্য ভবিষ্যৎ রশিদের কথায়, “আমি রুটের অনেক ভিডিও দেখি। তাঁর ব্যাক ফুট পাঞ্চ, কভার ড্রাইভ আমার দারুণ লাগে। কারণ এগুলো আমার প্রিয় শট। আমি তাঁর ব্যাটিং দেখে অনেক কিছু শিখি। আমি খুব একাত্ম হতে পারি। যখন রুটের খেলা দেখি মনে হয় আমি নিজেই খেলছি। আমি তাঁর কাছ থেকে আরও অনেক কিছু শিখতে চাই।” আসন্ন নর্থ জোন বনাম সাউথ জোনের সেমিফাইনালের দিকে তাকিয়ে রয়েছেন রশিদ।
আরও পড়ুন: ব্যাট হাতে তাণ্ডব, আবারও বড় রেকর্ড ভাঙলেন KKR তারকা নারিন
এই তরুণ ক্রিকেটারের আশা, দিলীপ ট্রফিতে তাঁর পারফরমেন্সের উপর নজর থাকবে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের। হয়তো এই আসর দিয়েই টিম ইন্ডিয়ায় জায়গা পেয়ে যাবেন তিনি। আপাতত এমন আশাতেই দিন গুনছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। এমনিতেও ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ রশিদ। এই মুহূর্তে যেসব প্লেয়ারকে টেস্ট দলের জন্য তৈরি করা হচ্ছে সেই তালিকায় রয়েছেন তিনিও। সে ক্ষেত্রে জাতীয় দলে সুযোগ পেলে হয়তো রোহিত শর্মা, বিরাট কোহলিদের অভাব ভুলিয়ে দিতে পারেন রশিদ।










