বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা বেশ ভাল হয়েছে ভারতের (India National Cricket Team)। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। তবে তার আগে দুঃসংবাদ জাতীয় শিবিরে। গতকাল খেলতে গিয়ে চোট পেয়েছেন টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য ইশান কিষাণ। যার কারণে ভারতের ব্যাটিং অর্ডারে আনা হয়েছে বদল। ইতিমধ্যেই এই তথ্য প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচ ইশান না থাকলে সুযোগ পেতে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
ঈশানের চোট সুযোগ করে দিতে পারে বৈভবকে
প্রথম টি-টোয়েন্টির পরই সাংবাদিক সম্মেলন করে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ইশান কিষাণ কুঁচকিতে চোট পেয়েছেন। যার কারণে আগামীকাল অর্থাৎ শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি দল থেকে ছিটকে যেতে পারেন তিনি। বিশেষজ্ঞ মহলের অনেকই মনে করছেন, এমনটা হলে দ্বিতীয় ম্যাচেই ভারতের একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন বৈভব সূর্যবংশী। সে ক্ষেত্রে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং বৈভব একসাথেই খেলার সুযোগ পাবেন টিম ইন্ডিয়ায়।
ইশান না খেললে দ্বিতীয় ম্যাচে বৈভবের খেলার সুযোগ যে রয়েছে সেটা স্বীকার করেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ নিজেও। কোটাক জানান, “ইশানের চোট থাকায় তিলক বর্মাকে উপরে নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইশানের খেলার সম্ভাবনা কম। সে না খেললে বৈভব সূর্যবংশীর খেলার ভাল সুযোগ রয়েছে।”
আরও পড়ুন: সৌরভের আপত্তি সত্বেও মুক্তি পেল ‘দুসরা’, কেন মহারাজের আবেদন মানল না হাইকোর্ট?
বলাই বাহুল্য, সঞ্জু, অভিষেক এবং ইশান ভারতীয় টি-টোয়েন্টি দলে দাপিয়ে খেলেছিলেন। তিন অভিজ্ঞ ব্যাটসম্যান একাদশে থাকায় স্বাভাবিকভাবেই সুযোগ পাচ্ছিলেন না ছোট্ট বৈভব সূর্যবংশী। যা নিয়ে বারবার তৈরি হয়েছিল বিতর্ক। তবে এবার ইশান চোট পাওয়ায়, শেষ পর্যন্ত তিনি যদি আগামীকাল খেলতে না পারেন তবে বৈভবকেই দলে টানতে পারে ম্যানেজমেন্ট!










