মাস্কের X-কে জোর টেক্কা! লঞ্চ হল সেই পুরনো টুইটার, মিলবে আগের মতো ফিচার

Published:

Twitter

সৌভিক মুখার্জী, কলকাতা: আগে যা টুইটার (Twitter) নামে চলত, তা এখন এক্স। ইলন মাস্ক বদলেছিলেন এই প্ল্যাটফর্মের নাম। তবে সোশ্যাল মিডিয়ার জগতে ফের টুইটার নামটি ফিরে এসেছে। হ্যাঁ, এবার টুইটার নামেই নতুন একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, মাস্কের এক্স প্ল্যাটফর্মটি টুইটার নামে ব্যবহার বন্ধ হওয়ায় এখন এই নামটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এতে কী কী ফিচার থাকবে, আর এক্স-র থেকে কোথায় আলাদা এই নতুন প্ল্যাটফর্ম?

লঞ্চ হল নতুন প্ল্যাটফর্ম টুইটার

জানা গিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মটির নাম Twitter.Now। অপারেশন ব্লুবার্ড নামের একটি কোম্পানি এই প্ল্যাটফর্মটি চালু করেছে। এমনকি এখানে টুইটারের কিছু প্রাক্তন কর্মীও নিযুক্ত রয়েছেন বলে খবর। তাদের একটাই উদ্দেশ্য, সেই পুরনো টুইটারের অভিজ্ঞতা আবারও ফিরিয়ে আনা। কারণ, ২০২২ সালে ইলন মাস্ক টুইটার কিনে নাম রাখেন এক্স। ২০২৩ সালে পরিবর্তন হয় এর নাম। এমনকি টুইটারের পুরনো নীল পাখির লোগোটিকে সরিয়ে রাখা হয় কালো রংয়ের এক্স। এবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে তৎপর এই প্ল্যাটফর্ম।

সবচেয়ে বড় ব্যাপার, বর্তমানে এই নতুন টুইটার প্ল্যাটফর্মকে কেন্দ্র করে এক্স এবং অপারেশন ব্লুবার্ডের মধ্যে শুরু হয়েছে আইনি লড়াই। এক্সের দাবি, টুইটার এবং টুইট নামগুলির মালিকানা এখনও পর্যন্ত তাদের। আবার নতুন প্ল্যাটফর্মটির দাবি, এক্স অনেক আগেই এই নামগুলিকে পরিবর্তন করেছে। সেই কারণে নতুন টুইটারে পোস্ট করা, কমেন্ট করা, রিটুইট করার মতো পুরনো ফিচারগুলি থাকবে। এমনকি এতে এআই-চালিত একটি তথ্য যাচাইয়ের সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নতুন প্ল্যাটফর্মটি এখন কতটা জনপ্রিয়তা লাভ করে সেটাই দেখার।

আরও পড়ুন: ৩ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে তদন্ত, আরজি কর মামলায় সিবিআই-কে নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, যদি আপনি নতুন অ্যাপটি ব্যবহার করতে চান, তাহলে এখনই তা পারবেন না। কারণ, গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে এখনও এই অ্যাপ লঞ্চ হয়নি। আপাতত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই অ্যাপ সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এমনকি কোম্পানির দাবি, এই নতুন প্ল্যাটফর্মের সঙ্গে এক্সের কোনও সম্পর্ক নেই। তবে ব্যবহারকারীদের আগে একটি ফর্ম পূরণ করে সাইন আপ করতে হবে। অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই অ্যাপটি উপলব্ধ হবে।