একটু পরেই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণের বারিধারায় ভিজে চলেছে গোটা বাংলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। তবে এখনই কাটছে সেই বৃষ্টির রেশ, গত কয়েকদিনের মতো আজও বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা শহর, বিকেলের আগেই বৃষ্টি হতে পারে। আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আজও বিকেলে হবে বৃষ্টি

আজ, বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিকেলের দিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। এছাড়াও নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে। শুধু তাই নয়, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে কমতে পারে বৃষ্টি।

আরও পড়ুন: গতি বাড়বে ট্রেনের, বাঁচবে সময়! ৩০০টি স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত রেলের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিগত কয়েকদিন ভারী থেকে অতি ভারি বৃষ্টিতে মজেছিল সমস্ত জেলা। তবে আগামীকাল থেকে সেই বৃষ্টির তীব্রতা অনেকটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি অব্যাহত থাকলেও, নতুন করে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।