গভীর নিম্নচাপের জেরে বিকেল থেকেই অতিভারী বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণের বৃষ্টি লগ্নে ফের সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে (Deep  Depression) পরিণত হচ্ছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যেই নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করবে। যার ফলে দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকালও (Weather Tomorrow) বজায় থাকবে বৃষ্টি সতর্কতা।

আজও বিকেলে হবে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ বজায় থাকবে। আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুধু বৃষ্টিই নয়, উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নানুরে ডিম থেরাপির মুখে পড়লেন কাজল শেখ, তুমুল বিক্ষোভ এলাকায়

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকলেও আগামীকাল মঙ্গলবার থেকে উত্তরের সমগ্র জেলায় বাড়তে চলেছে বৃষ্টি। ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং পরবর্তীতে কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার পর্যন্ত ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার ফলে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।