প্রীতি পোদ্দার, কলকাতা: একা শুধু দার্জিলিং নয়, এবার ‘গ্লোবাল ডেস্টিনেশন’ (Global Destination) হিসেবে জায়গা নিতে চলেছে সুন্দরবন (Sundarban)! বিশ্ব ম্যানগ্রোভ দিবসে রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়চকে এমনই বড় ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। শুধু তাই নয় সুন্দরবনকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানালেন তিনি। ক্ষমতার রদবদল হতেই ডবল ইঞ্জিন সরকার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েই চলেছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল পর্যটন ব্যবস্থা।
দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন সুন্দরবন!
দার্জিলিংকে রাজ্যের প্রথম ‘গ্লোবাল ডেস্টিনেশন’ হিসাবে গড়ে তোলার কথা আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তাই ক্ষমতা হাতে পেতে না পেতেই সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। তবে এখানেই থামেনি, এবার দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়া হল সুন্দরবনকে। রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে এমনই পরিকল্পনা ডবল ইঞ্জিন সরকারের। আর সেই নিয়ে রবিবার, দক্ষিণ ২৪ পরগনার রায়চকে আন্তর্জাতিক বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বড় ঘোষণা করলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।
কী বলছেন পর্যটনমন্ত্রী?
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “ক্ষমতায় আসার আগেই বিজেপি সংকল্প পত্রে ঘোষণা করেছিল যে দার্জিলিংকে গ্লোবাল ডেস্টিনেশন করা হবে। তবে এবার রাজ্যে আরও একটি জায়গাকে এই তকমা দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে অনুরোধ করা হয়েছে। তাতে তিনি রাজি হয়েছেন। এতদিন মন্দারমণি অথবা সুন্দরবনের মধ্যে কোনো একটি জায়গাকে এই তালিকায় যুক্ত করার আলোচনা চলছিল, আপাতত সুন্দরবনকেই রাজ্যের দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসাবে উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: জয়নগরে ৬৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, রিপোর্ট পেয়েই অ্যাকশনে পুলিশ
সুন্দরবনে উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার প্রসঙ্গে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “সুন্দরবনে পৌঁছাতে পর্যটনকারীদের বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই জেলা প্রশাসন বিকল্প রাস্তার একটি পরিকল্পনা সরকারকে জমা দিয়েছে। এছাড়াও নদীপথে বিকল্প ব্যবস্থাও করা হবে। ওয়াটার ট্রান্সপোর্টের মাধ্যমে পর্যটকদের কলকাতা থেকে সুন্দরবনে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার ওপর আপাতত জোর দেওয়া হচ্ছে। এছাড়া স্যাটেলাইটের সাহায্যে পর্যটন ম্যাপ তৈরির জন্য দুই ২৪ পরগনার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, এতে ম্যানগ্রোভ সংরক্ষণ করার কাজ করা যাবে।”










