প্রীতি পোদ্দার, কলকাতা: বারুইপুরের পর ফের ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। আর এবার নির্যাতনের শিকার হলেন একজন ৬৫ বছরের বৃদ্ধা। ঘটনাস্থল জয়নগরের (Jaynagar) বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়া। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে। অভিযোগে উত্তেজনা ছড়াল এলাকায়, ইতিমধ্যেই এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীকে কঠোর শাস্তির দাবি তুলছে এলাকাবাসী।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, রবিবার ৬৫ বছরের ওই বৃদ্ধা একটি কলা বাগানে একাই কাজ করছিলেন। আর সেই সুযোগ নিয়ে তাঁকে একা পেয়ে এলাকারই এক যুবক আচমকা তাঁর উপর চড়াও হয় এবং মুখ ও গলা চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে যৌন নির্যাতনের মত ভয়ংকর অত্যাচারের জেরে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন ওই বৃদ্ধা। তাঁকে ফেলেই পালিয়ে যান ওই যুবক। এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শেষে সন্ধ্যার দিকে বাগান থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
তদন্ত শুরু করেছে পুলিশ
পরিবারের তরফে থানায় যোগাযোগ করা হলে পুলিশ গিয়ে বৃদ্ধাকে কোনোরকমে উদ্ধার করে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর। এরপর পরিবারের লোকজন এই গোটা ঘটনার তদন্তের জন্য বকুলতলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: অবশেষে খুলছে শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভার, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলা। পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল তার বস্তাবন্দি মৃতদেহ। এরপরই তদন্তের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিল পুলিশ। চারজনকে গ্রেফতার করেছিল, ধৃতদের মধ্যে একজন প্রভাস মণ্ডল, খুন-ধর্ষণে অন্যতম মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিল, কিন্তু এই ঘটনার পুনর্নির্মাণের সময়ে পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করায় এনকাউন্টার করতে বাধ্য হয়েছিল পুলিশ। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তিনি। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের ঘটনা ঘটল।










