অবশেষে খুলছে শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভার, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Published:

Flyover On Bardhaman Siliguri Road

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে জল্পনার অবসান, দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে চালু হতে চলেছে শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার (Flyover On Bardhaman Siliguri Road)। পরিকল্পনা অনুযায়ী আজ ২৭ জুলাই, সোমবার এই ফ্লাইওভার উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশা করা যাচ্ছে দীর্ঘ ১.১২৪ কিলোমিটার সেতুটি উদ্বোধন করা হলে যানজটের দুর্ভোগ যেমন কাটবে ঠিক তেমনই আবার যাতায়াতকারীদের সমস্যাও দূর হবে। ইতিমধ্যেই শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা নিরাপত্তা ও ট্রাফিক পরীক্ষার খুঁটিনাটি পরিদর্শন করেছেন।

কাজ আটকেছিল বর্ধমান রোডের ফ্লাইওভারের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ যানজটের কারণে স্থানীয়দের কথা ভেবে ২০১৮ সালে শুরু হয়েছিল শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভারের কাজ। এর জন্য পূর্ত বিভাগ ৯০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এবং নির্মাণকাজ শুরু করেছিল। কিন্তু মাঝে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে করোনা মহামারীর কারণে রেল ক্রসিংটির কাজ বছরের পর বছর ধরে আটকে ছিল এমনকি যেই সময়সীমায় কাজ শেষ করার কথা ছিল সেটাও হয়নি, এরপর ২০২২ সাল থেকে পুনরায় শুরু হয় ফ্লাইওভার নির্মাণের কাজ।

ফ্লাইওভারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

এর আগে তৎকালীন পৌর মেয়র গৌতম দেব ১ জানুয়ারী ২০২৬ উদ্বোধনের তারিখ ঘোষণা করেছিলেন, কিন্তু প্রযুক্তিগত সমস্যার সেটাও পরিবর্তন হয়। এরপর সরকার পরিবর্তন হতেই জোরকদমে শুরু হয় কাজ। সেই সময়ে তৎকালীন সরকার ফ্লাইওভারে নীল-সাদা রং করে। কিন্তু বিজেপি আসতেই পরে ফ্লাইওভারে কমলা-সাদা রং করা হয়। অবশেষে আজ সেতুটি জনসাধারণের জন্য এবার উদ্বোধন করা হতে চলেছে। আজ মুখ্যমন্ত্রীর দিনভর ঠাসা কর্মসূচী রয়েছে। বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা যাবেন জলপাইগুড়ি। উত্তরকন্যাতে আছে একাধিক প্রশাসনিক বৈঠক।

আরও পড়ুন: আমফান থেকে স্বাস্থ্যসাথী, যুবশ্রী! CAG রিপোর্টে ফাঁস তৃণমূলের একের পর এক দুর্নীতি

জানা গিয়েছে, আজ জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সদ্য সাউথ সিকিমের সমরদুংয়ে টানেল বিস্ফোরণের ঘটনায় মৃত রাজ্যের ১১ জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন শুভেন্দু অধিকারী। তারপর জল্পেশ মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী। শ্রাবণী মেলা প্রাঙ্গন ঘুরে দেখবেন তিনি। সবশেষে বাগডোগরায় ফেরার পথে বহু প্রতীক্ষিত শিলিগুড়ির বর্ধমান রোডের উড়ালপুলের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী।